কক্সবাজারের কুতুবদিয়ায় সৈকতে মৃত তিমি আট দিন ধরে পড়ে আছে। ক্রমেই ফুলে গিয়ে ধরছে পচন, বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। যেকোনো মুহূর্তে তিমি মাছটির পেট ফেটে যেতে পারে। নেই প্রশাসনের উদ্যোগ। ফলে স্থানীয় বাসিন্দারা রয়েছে স্বাস্থ্যঝুঁকিতে।
আট দিন আগে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের অলীপাড়া সৈকতে জোয়ারে প্রায় দুই টন ওজনের একটি বিশাল মৃত তিমি ভেসে আসে। ভাটার টানে বালুচরে সেটি আটকে যায়। এটি ফেটে গেলে পুরো দ্বীপে বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন এলাকাবাসী।
কাজ করা সৈকতে ফিশিং বোট নির্মাণ শ্রমিক জয়নাল আবেদীন ও মোহাম্মদ খলিল জানান, আট দিন আগে থেকে সৈকতে বিশাল মৃত তিমি মাছটি আটকে আছে। ক্রমইে সেটি ফুলে যাচ্ছে এবং পচন ধরছে। বিষাক্ত দুর্গন্ধ ছড়াচ্ছে বাতাসে। তাদের সেখানে বোটের নির্মাণ কাজ করা দ্রুহ হয়ে উঠছে।
একই কথা জানান বেড়িবাঁধের পাশের দোকানদার রুহুল আমিন। তিনি বলেন, তিমি মাছটি পুঁতে ফেলার জন্য ছয় দিন আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান গাড়ি নিয়ে এসেছিলেন। বালুচাপাও দিয়েছিলেন। কিন্তু রাতের ভিতরেই জোয়ারের পানিতে বালু সরে গেছে। একাধিক স্থানে পচন ধরে পুঁজ, রক্ত বের হয়ে গড়িয়ে যাচ্ছে পানিতে। বাতাসে মিশে অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এলাকাজুড়ে।
বাংলাদেশে পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য ও কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, মৃত তিমি ফুলে গিয়ে পচন ধরবে। দুর্গন্ধসহ আশপাশের পরিবেশ অস্বাস্থ্যকর করে তুলবে। ফলে নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ এটি দ্রুত পুঁতে ফেলার উদ্যোগ নিতে পারে।
দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ বলনে, সৈকতে মৃত তিমি ভেসে আসার খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করেন। দুর্গন্ধ বের হতে পারে আশঙ্কায় রাতের আঁধারেই ক্রেনসহ গাড়ি নিয়ে বালুচাপা দেন। কিন্তু জোয়ারের পানি আর তিমি মাছটি ফুলে যাওয়ায় বালুমাটি সরে যায়।
উপজেলার নির্বাহী অফিসার বদলি ও সহকারী কমিশনার (ভূমি) ছুটিতে থাকায় বিষয়টি তিনি জেলা প্রশাসককে অবহিত করেছেন। পরিবেশ অধিদপ্তর বিষয়টির প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তাকে জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

