বাংলাদেশের ফুটবলপ্রেমে মুগ্ধ আর্জেন্টিনার রাষ্ট্রদূত

উপজেলা প্রতিনিধি, লৌহজং (মুন্সিগঞ্জ)

বাংলাদেশের ফুটবলপ্রেমে মুগ্ধ আর্জেন্টিনার রাষ্ট্রদূত

বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও উচ্ছ্বাসে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, একদিন বাংলাদেশও ফুটবল বিশ্বকাপের আসরে অংশ নেবে।

শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মাপাড় সংলগ্ন শিমুলিয়া ঘাটের পার্কিং ইয়ার্ডে শিমুলিয়া ঘাট ইজারাদারদের উদ্যোগে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত। স্থানীয় ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে অনুষ্ঠিত এ ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

৮ জন করে খেলোয়াড় নিয়ে গঠিত দুই দলের একটির নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন এবং অপর দলের নেতৃত্ব দেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। ২০ মিনিটের এই প্রীতি ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ৩-৩ টাইব্রেকারের মাধ্যমে খেলার সমাপ্তি ঘটে।

রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত আর্জেন্টিনা সমর্থক শিমুলিয়া ঘাটে ভিড় জমান। প্রিয় দলের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করা এবং তাঁর সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে তারা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।

খেলা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, "এখানে সবার সঙ্গে একসঙ্গে সময় কাটাতে পেরে আমি সত্যিই আনন্দিত। বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমি আশা করি, বাংলাদেশ ফুটবল খেলা চালিয়ে যাবে এবং একদিন বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে।"

প্রীতি ম্যাচ শেষে তিনি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে পদ্মা নদীর মনোরম পরিবেশ ও পদ্মা সেতুর আশপাশ ঘুরে দেখেন। পরে উপস্থিত ফুটবলপ্রেমী ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দীর্ঘ সময় ধরে তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন পুস্তি, লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নুর আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. লুৎফর রহমান পাভেল মোল্লা, কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাউছার তালুকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী।

ব্যতিক্রমী এই প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে শিমুলিয়া ঘাট এলাকায় দিনভর উৎসবের আমেজ বিরাজ করে। স্থানীয়রা আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে একই মাঠে খেলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এমন আয়োজন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা ব্যক্ত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...