চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ধনাগোদা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে মো. মিনহাজ (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ভোর ৫টা ৩০মিনিটে ধনাগোদা নদীর ফরাজীকান্দী জনতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বালুচর গ্রামের মনির হোসেনের ছেলে।
মিনহাজের মামা বিল্লাল হোসেন ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে মিনহাজের সাথে শিবলু, আমির, ইব্রাহিম অন্যান্য দিনের ন্যায় ব্যাটারি চালিত ইলেকট্রনিক শক ডিভাইস দিয়ে নৌকায় বসে নদীতে মাছ ধরছিল।
নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, ইলেকট্রিক শকে মারা যাওয়া একটি বড় মাছ ঝুড়ি থেকে পড়ে গেলে ওই মাছটি ধরতে মিনহাজ পানিতে লাফ দেয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
এ সময় অন্যান্যরা তাকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে স্বজনদের খবর দিয়ে পালিয়ে যায়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ডায়রী হয়েছে। লাশ তদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

