আসলাম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ

সরকারি হাসপাতালে ডাক্তারদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে: নাহিদ

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সরকারি হাসপাতালে ডাক্তারদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে: নাহিদ

চট্টগ্রামের শিল্প ও পর্যটননগরী সীতাকুণ্ড শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের দিক থেকে এখনও পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, সীতাকুণ্ড দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হলেও এখানকার মানুষ এখনও নানা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি বৃদ্ধি, বেডসংকট দূর করা এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

বিজ্ঞাপন

শুক্রবার সীতাকুণ্ডে এক সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব আসলাম চৌধুরী এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

চিফ হুইপ বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সহজে স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলব। সরকারি হাসপাতালে ডাক্তারদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রয়োজন হলে শয্যা সংখ্যা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, সীতাকুণ্ডে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এটি দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল। এখানকার তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করব।

অনুষ্ঠানে দুই নেতার মধ্যে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক সম্প্রীতি, শিল্পাঞ্চল সীতাকুণ্ডের উন্নয়ন এবং স্থানীয় জনগণের কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ সময় এনসিপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছালে উদ্দিন সিফাত সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দের এ সৌজন্য সাক্ষাৎকে ঘিরে অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

স্থানীয়দের মতে, জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব ও সীতাকুণ্ডের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে এ ধরনের যোগাযোগ এলাকার উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন