কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘন্টা পর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু করার অভিযোগ উঠেছে। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান দেরিতে আসায় এই ঘটনা ঘটেছে। এতে কয়েক শত শিশু ও তাদের অভিভাবকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
রোববার সকাল ৮ টায় ক্যাম্পেইন শুরু হওয়ার কথা থাকলেও ডা. শাহজাহান সাড়ে নয়টার দিকে আসেন। এরপর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন তিনি।
জানা যায়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভিটামিন ‘এ’ খাওয়ার জন্য সকাল সাড়ে ৭টা থেকে শিশুদের নিয়ে অভিভাবকরা লাইনে দাঁড়ান। কিন্তু ৮টার ক্যাম্পেইন সাড়ে ৯টা পর্যন্ত উদ্বোধন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। তাদের অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় প্রচণ্ড গরমে অনেক শিশু অসুস্থ হয়ে পড়ে ।
জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মনাগ্রাম থেকে এক বছরের শিশুকে ‘এ’ প্লাস ভিটামিন খাওয়াতে নিয়ে আসা এক অভিভাবক বলেন, সকাল ৮টার দশ মিনিট আগে কুমিল্লা মেডিকেল কলেজে এসেছি। কিন্তু সাড়ে ৯টায় ভিটামিন খাওয়ানো শুরু করেনি। দেড় ঘন্টা গরমে দাঁড়িয়ে বাচ্চারাও অসুস্থ হয়ে গিয়েছে ।
এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শাহজাহান বলেন, বিষয়টি নিয়ে বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলছে । আমি নয়টায় উদ্বোধন করেছি ।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির বলেন, বিষয়টি আমাকে জেলা প্রশাসক জানিয়েছেন। আমি পরিচালককে ফোন দিয়েছিলাম। তিনি বলেছেন- ‘শুরু করে দিয়েছি’। কেন বিলম্ব করেছেন- এ বিষয়ে তিনি ব্যাখ্যা দিতে পারবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

