বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু
বাড়ির সামনে স্বজনরা। ইনসেটে মামুন বিশ্বাস। ছবি: আমার দেশ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ঘাস কাটতে গিয়ে পুকুরপাড়ে থাকা অরক্ষিত বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন বিশ্বাস (২৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মামুন বিশ্বাস রাজাপুর গ্রামের লাকু বিশ্বাসের ছেলে।

সরেজমিনে জানা যায়, রাজাপুর গ্রামের আকমল শিকদারের ছেলে জাহিদুল শিকদারের একটি পুকুর স্থানীয় মাছ ব্যবসায়ী ফেলুর কাছে লিজ দেওয়া ছিল। অভিযোগ রয়েছে, পুকুর পাহারা ও রাতে আলোর ব্যবস্থা করতে পুকুরের চারপাশে বাঁশের খুঁটির সঙ্গে জিআই তার ব্যবহার করে সরাসরি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। ওই অরক্ষিত বিদ্যুৎ লাইনেই দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন মামুন বিশ্বাস। একপর্যায়ে তিনি পুকুরপাড়ে গেলে মাটিতে পড়ে থাকা বিদ্যুতায়িত জিআই তার ভ্যানচালক মামুনের পায়ে পেঁচিয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, সম্পূর্ণ অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। নিহত মামুনের দুই বছর বয়সি এক সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার পরিবার এখন দিশাহারা।

নিহতের বড় ভাই রুবেল বিশ্বাস বলেন, ‘আমার ভাই সকালে গরুর ঘাস কাটতে বের হয়েছিল। পুকুরের লিজগ্রহীতার অবহেলার কারণেই আজ আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

পুকুরের মালিক জাহিদুল শিকদার বলেন, ‘পুকুরটি লিজ দেওয়া ছিল। আমরা বাড়িতে নিয়মিত থাকি না। লিজগ্রহীতারা কীভাবে বিদ্যুতের সংযোগ দিয়েছে, তা আমাদের জানা ছিল না। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা মর্মাহত।’

অভিযোগের বিষয়ে লিজগ্রহীতা ফেলু মোবাইল ফোনে বলেন, ‘রাতে আলো জ্বালানোর জন্য বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল। সকালে সাধারণত সংযোগ খুলে ফেলা হয়। হয়তো আজ অসাবধানতাবশত সেটি খোলা হয়নি। এছাড়া এলাকার ছেলেরা বাঁশে ঝাঁকাঝাঁকি করায় সংযোগ ঢিলা হয়ে থাকতে পারে। বিষয়টি অনাকাঙ্ক্ষিত।’

বোয়ালমারী থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...