৪ ডাকাত গ্রেপ্তার

নিরাপত্তাকর্মীর চাকরির লোভ দেখিয়ে ঢাকায় এনে অস্ত্র লুট

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নিরাপত্তাকর্মীর চাকরির লোভ দেখিয়ে ঢাকায় এনে অস্ত্র লুট
ছবি: আমার দেশ

‎নিরাপত্তাকর্মীর চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে ব্যক্তিদের ঢাকায় ডেকে এনে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে লাইসেন্সকৃত অস্ত্র লুট করত একটি সংঘবদ্ধ চক্র। দীর্ঘদিন ধরে রহস্যঘেরা এসব ঘটনার তদন্ত শেষে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- নাসিম উদ্দিন মোল্লা (৩০), রমজান আলী (৩১), সিরাজুল ইসলাম (৩২) ও ইব্রাহিম শেখ (৩১)।

এ সময় তাদের কাছ থেকে দুটি শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ, ডাকাতিতে ব্যবহৃত একটি হাইএস মাইক্রোবাস, একটি এয়ারগান, একটি ওয়াকিটকি, চারটি মোবাইল ফোন, অস্ত্রের জাল লাইসেন্স তৈরির সিলমোহর এবং ভুয়া নাম্বার প্লেটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

‎বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

‎পুলিশ জানায়, চলতি বছরের ১৭ জানুয়ারি, ১০ এপ্রিল ও ১৯ জুন পৃথক চারটি ঘটনায় চার ভুক্তভোগীকে নিরাপত্তা ডিউটির চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকার খিলক্ষেত এলাকায় ডেকে আনা হয়। পরে চক্রের সদস্যরা তাদের একটি হাইএস মাইক্রোবাসে তুলে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ফেলে রেখে তাদের নামে বৈধভাবে লাইসেন্সকৃত অস্ত্র ছিনিয়ে নেয়।‎

‎এ ঘটনায় রূপগঞ্জ থানায় তিনটি ডাকাতি ও ঢাকার ক্যান্টনমেন্ট থানায় একটি দস্যুতা মামলাসহ মোট চারটি মামলা করা হয়।

‎পরে নারায়ণগঞ্জ ‘সি’ সার্কেলের তত্ত্বাবধানে রূপগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত ঢাকার ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় অভিযান পরিচালনা করে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করে।

‎সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, ‘চক্রটি অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন জেলা থেকে অস্ত্রধারীদের টার্গেট করত। চাকরির প্রলোভন দেখিয়ে ডেকে এনে তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়া হতো। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। অস্ত্র লুটের সঙ্গে জড়িত অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’‎

‎পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন