মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করে বাইসাইকেল পুরস্কার পেয়েছে ৩১ জন শিশু-কিশোর।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার ধীপুর ইউনিয়নের মারিয়ালয় গ্রামে উত্তর মারিয়ালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মারিয়ালয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় মারিয়ালয় গ্রামের তিনটি এবং পাশের শিমুলিয়া গ্রামের একটি জামে মসজিদ—মোট চারটি মসজিদে শতাধিক প্রতিযোগী অংশ নেয়।
৪০ দিন জামায়াতে নামাজ আদায় করায় ৩১ জনকে বাইসাইকেল এবং আরও ২৬ জনকে প্রেসার কুকার পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাবিলা এন্টারপ্রাইজের চেয়ারম্যান, শিল্পপতি ও সমাজসেবক হাজি মো. সাখাওয়াত হোসেন শেখ। মারিয়ালয়-বেলুয়া বায়তুস সালাম জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান বেপারী। এ সময় মনির কাজী, নজরুল মল্লিক, আল-আমিন কাজী, ইউপি সদস্য মো. মস্তফা সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নতুন প্রজন্মকে নিয়মিত নামাজ আদায়ে উদ্বুদ্ধ করার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও শিশু-কিশোরদের ধর্মীয় অনুশীলন ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

