টঙ্গীতে আগুনে পুড়ে গেছে ৩১ রুমের মালামাল

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

টঙ্গীতে আগুনে পুড়ে গেছে ৩১ রুমের মালামাল

গাজীপুরের টঙ্গীতে দুটি বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩১টি রুমের মালামাল। বুধবার সকালে টঙ্গীর দক্ষিণ আরিচপুর মুন্সিপাড়া ও মুদাফা পশ্চিমপাড়া বিষারটেক এলাকায় আগুন লাগে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

টঙ্গী ফায়ার সার্ভিস জানায়, বুধবার সকাল পৌনে ৬টার দিকে মুদাফা পশ্চিমপাড়া বিষারটেক এলাকার বাহার উদ্দিনের বস্তিঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ৩০টি রুমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে সকাল সাড়ে ৫টার দিকে টঙ্গী দক্ষিণ আরিচপুর মুন্সিপাড়া রোডের চারতলাবিশিষ্ট একটি বাড়ির দ্বিতীয় তলায় একটি ইউনিটে গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, টঙ্গী ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট পৃথক দুটি স্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মুদাফা এলাকার একটি বস্তির ৩০টি কক্ষ এবং আরিচপুর এলাকার বহুতল ভবনের একটি কক্ষের আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। আরিচপুর এলাকায় বহুতল ভবনে গ্যাস সিলিন্ডারের লিকেজ এবং মুদাফা এলাকার বস্তিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন