‘উনারা এস্টিমেট চেয়ে আবেদন করতেছে, আপনাদের তো আপত্তি নাই—ঠিকাদারের কাছে এভাবেই অনুমতি নিলেন শ্রীবরদী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. শাহ কামাল।
শেরপুরের শ্রীবরদীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় চলমান কাজসমূহের তথ্য চাইলে উপসহকারী প্রকৌশলী মো. শাহ কামাল সাংবাদিকদের সামনে নিজ অফিসে বসে একজন ঠিকাদারের কাছে এভাবেই অনুমতি নেন। মঙ্গলবার দুপুরে উপসহকারী প্রকৌশলীর নিজ কক্ষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
জানা যায়, সম্প্রতি উপজেলা এলজিইডি অফিসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় কিছু কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। লটারির মাধ্যমে বিজয়ী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে কাজগুলো বাস্তবায়ন করেছে। সেই কাজগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য চাইলে উপজেলা প্রকৌশলী গণমাধ্যম কর্মীদের তথ্য প্রাপ্তির আবেদনের মাধ্যমে তথ্য চাইতে বলেন।
উপজেলা প্রকৌশলী কার্যালয়ে না থাকায় উপসহকারী প্রকৌশলীর কক্ষে বসে তথ্যপ্রাপ্তির আবেদনপত্র পূরণের সময় স্থানীয় একজন ঠিকাদার সেখানে এলে শাহ কামাল গণমাধ্যমকর্মীদের সামনে ঠিকাদারের কাছে অনুমতি চেয়ে কথাগুলো বলেছেন।
এ ব্যাপারে উপসহকারী প্রকৌশলী শাহ কামাল মুঠোফোনে জানান, 'আপনি অফিসে আসেন, কথা বলতেছি।'
তথ্য দিতে উপসহকারী প্রকৌশলী শাহ কামাল ঠিকাদারের কাছে অনুমতি চাইতে পারেন কি না, তা জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মশিউর রহমান বলেন, 'ঠিকাদারের অনুমতি লাগবে না। তিনি হয়তোবা নিয়মটি জানেন না।'
তিনি আরও বলেন, 'এত প্যাঁচানোর দরকার নেই। তথ্য অধিকার আইনের ফরম কিনে নিয়মানুযায়ী আবেদন করেন।'
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

