তিন কোচ রেখেই দুর্ঘটনাস্থল ছেড়ে গেছে আন্তঃনগর বিজয়

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

তিন কোচ রেখেই দুর্ঘটনাস্থল ছেড়ে গেছে আন্তঃনগর বিজয়
ছবি: আমার দেশ

ময়মনসিংহের গৌরীপুর রেল জংশনের ইনার সিগন্যালের পাশে লাইনচ্যুত ট্রেনের তিন কোচ রেখেই চট্টগ্রাম অভিমুখে ছেড়ে গেছে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাস্থল থেকে যাত্রা করে ট্রেনটি।

গৌরীপুর রেলজংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম জানান, যাত্রীদের সুবিধার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দুর্ঘটনাকবলিত ট্রেনের ক্ষতিগ্রস্ত তিনটি কোচ-বগি রেখে বাকি ১১টি বগি নিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘স্টেশনের মাইকে ঘোষণা দিয়ে যাত্রীদের জানানো হয়, দুর্ঘটনাকবলিত বগির যাত্রীরা অন্য বগীতে যাত্রা করতে পারবেন। এছাড়া যারা যাত্রা বাতিল করতে চান, তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেওয়া হলেও কেউ টাকা ফেরত নেননি।’

এর আগে জামালপুর থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি বুধবার রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করার সময় গৌরীপুর ইনার সিগন্যালের পাশেই এর পেছনের তিনটি কোচ লাইনচ্যুত হয়। এতে কয়েকজন যাত্রী আহত হন।

রেল কর্তৃপক্ষের দাবি, সিগন্যাল দেওয়ার নির্দিষ্ট সময় শেষে লাইন অটোমেটিক পরিবর্তন হয়ে যাওয়ায় শেষের তিনটি বগি অন্য লাইনে চলে যায়, যার ফলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত কোচগুলোর মধ্যে রয়েছে পরিচালক কাম খাবার গাড়ি, ট ও ঠ নম্বর বগি।

এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা গৌরীপুর থেকে চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন