রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

রংপুর অফিস

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং জালিয়াতির সঙ্গে জড়িত একটি চক্রের ছয় সদস্যকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃতদের মধ্যে দিনাজপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষকও রয়েছেন।

শনিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

বিজ্ঞাপন

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সরবরাহের কাজে জড়িত রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে নগরীর ধাপ এলাকায় একটি বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে প্রশ্নপত্র ফাঁস চক্রের ছয় সদস্যকে আটক করা হয়।

পরে ওই বাসায় তল্লাশি চালিয়ে ১৫টি স্ট্যাম্প, ৮টি স্বাক্ষরিত ফাঁকা চেক, ৩টি জাতীয় পরিচয়পত্র, ৪টি মূল শিক্ষাগত সনদপত্র এবং ৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রতারণা ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ডিবি পুলিশের দাবি, আটককৃতদের মধ্যে একজন দিনাজপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক, যিনি এর আগেও প্রতারণার মামলায় আটক হয়েছিলেন। অপর একজন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেও চাকরি না পেয়ে এই চক্রের সঙ্গে যুক্ত হন। জব্দ করা মোবাইল ফোনগুলো পরীক্ষা-নিরীক্ষা করে আরও বেশ কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আটককৃতরা হলেন— রংপুর নগরীর চিড়ার মিল এলাকার ফেরদৌস আলমের ছেলে তাওরাত আকরাম (২৭), সাতগাড়া এলাকার মোবারক আলীর ছেলে বাধন মিয়া (৩৭), ধাপ মোহাম্মদপুর এলাকার মৃত মজিবর রহমানের ছেলে সাহেব আলী (২৬), বদরগঞ্জ উপজেলার তাল দামোদরপুর এলাকার এমদাদুল হকের ছেলে আতিকুর রহমান (৩৪), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তেলিপাড়া এলাকার রিয়াজুল ইসলামের ছেলে হাফিজ আল মামুন এবং আশরাফুল ইসলাম (৩৬)।

পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...