টানা বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শংকা রয়েছে।
জানা গেছে, তাহিরপুর উপজেলার আনোয়ারপুর-সুনামগঞ্জ সড়ক ডুবে গেছে। সদর উপজেলার কয়েকটি বাজারে পানি ঢুকে পড়েছে। খাসিয়ামারা নদীর দুকুল উপচে লোকালয়ে পানি প্রবেশ করেছে। সদর, দোয়ারাবাজার, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার নিম্নাঞ্চল এবং হাওর তীরবর্তী কয়েকটি গ্রামে পানি প্রবেশ করতে শুরু করেছে।
পাউবোর তথ্য অনুযায়ী, সুরমা, বৌলাই, যাদুকাটা ও রক্তি নদীর পানি ইতোমধ্যে উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ৬৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে নদীটির পানি বিপৎসীমার প্রায় ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও আগামী দুই দিনে ভারি বৃষ্টিপাত হলে তা বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। কোথাও কোথাও বিপৎসীমা স্পর্শ করারও সম্ভাবনা রয়েছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টি অব্যাহত থাকলে সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। নদী ও হাওর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র, শুকনো খাবার ও অন্যান্য জরুরি সামগ্রী আগে থেকেই গুছিয়ে রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

