দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে তেজাবী (পিওর) স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দাম নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৮ হাজার ৩৫৫ টাকা, ফলে প্রতি ভরির দাম ২ লাখ ১৪ হাজার ৮৯৩ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৫ হাজার ৭৬৫ টাকা, যা প্রতি ভরিতে ১ লাখ ৮৩ হাজার ৮৮৫ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণালংকারের দাম প্রতি গ্রাম ১২ হাজার ৮৮০ টাকা, ফলে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ২৭৬ টাকা।
গত ৩০ জুন সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়, যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই। চলতি বছর দেশের বাজারে ৮৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়। যেখানে দাম ৪২ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪২ দফা এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

