আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফাঁকা রাজধানীতে যান চলাচল কম, মোড়ে মোড়ে কড়া তল্লাশি

স্টাফ রিপোর্টার

ফাঁকা রাজধানীতে যান চলাচল কম, মোড়ে মোড়ে কড়া তল্লাশি

নির্বাচনের আগমুহূর্তে রাজধানী ঢাকা যেন এক নতুন রূপে। ব্যস্ত নগরীর মোড়ে মোড়ে বসেছে চেকপোস্ট, গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিকে থামিয়ে চলছে তল্লাশি। নগরজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থার ফলে স্বাভাবিক দিনের তুলনায় যান চলাচল কম, অনেক এলাকা অনেকটাই ফাঁকা।

বিজ্ঞাপন

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা শাহবাগে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। প্রাইভেট কার, মোটরসাইকেল কিংবা মাইক্রোবাস এলেই থামিয়ে কাগজপত্র যাচাই ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই চিত্র দেখা গেছে হাতিরঝিল, কাওরান বাজার, রামপুরা, ফার্মগেট, মিরপুর, বনানী, গুলশান, বাড্ডা ও উত্তরার বিভিন্ন মোড়ে। কোথাও কোথাও যৌথভাবে পুলিশ, র‍্যাব ও অন্যান্য বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে।

নির্বাচন উপলক্ষে রাজধানীসহ দেশের বড় বড় শহরে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনী। গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি অফিস, রাজনৈতিক দলের কার্যালয় ও জনসমাগমস্থলে বাড়ানো হয়েছে নজরদারি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৪ ঘণ্টার টহলের পাশাপাশি সাদা পোশাকেও কাজ করছে বিশেষ দল।

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ২৯৯টি সংসদীয় আসনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, আগের তুলনায় সড়কে গাড়ির সংখ্যা কম। অনেক মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। আবার কেউ কেউ আগেভাগেই গ্রামে বা নিজ নিজ এলাকায় চলে গেছেন ভোট দিতে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, নির্বাচন ঘিরে যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অপতৎপরতা ঠেকাতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সন্দেহজনক কিছু দেখলে বা শুনলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানানোর আহ্বানও জানানো হয়েছে।

রাজধানীজুড়ে নির্বাচনি আচরণবিধি নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে বিশেষ ‘হটলাইন’ নম্বর চালু করেছে সংস্থাটি। এখন থেকে নির্বাচনি অনিয়ম বা আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগ সরাসরি এই নম্বরগুলোতে কল করে পুলিশকে জানাতে পারবেন সাধারণ নগরবাসী।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, নির্বাচনি মাঠে শান্তি বজায় রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই তড়িৎ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, প্রভাব বিস্তার কিংবা ভোটদান প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর মতো কোনো তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে ০১৩২০০৩৭৩৫৮, ০১৩২০০৩৭৩৫৯ এবং ০১৩২০০৩৭৩৬০—এই তিনটি নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ২৪ ঘণ্টা সচল থাকা এই হটলাইনগুলোতে আসা অভিযোগের ভিত্তিতে দ্রুততম সময়ে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।

​ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান জানান, একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পুলিশ সর্বোচ্চ সজাগ রয়েছে।

সব মিলিয়ে, ভোটের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে রাজধানী ঢাকা এখন কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা—চেকপোস্টের নগরীতে পরিণত হয়েছে পুরো শহর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন