মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

স্টাফ রিপোর্টার

মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

মাদক প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দুটি পুরস্কার অর্জন করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন।

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব পুরস্কার প্রদান করেন।

বিজ্ঞাপন

পুরস্কার গ্রহণ করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ এবং আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র (যশোর)-এর ম্যানেজার মিজানুর রহমান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পক্ষ থেকে বিজ্ঞানভিত্তিক মাদক প্রতিরোধ কার্যক্রমে বিশেষ অবদান এবং জাতীয় মাদকবিরোধী র‍্যালিতে সক্রিয় ও বর্ণাঢ্য অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ ঢাকা আহ্ছানিয়া মিশনকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাবস্ট্যান্স ইউজ প্রফেশনালস (আইএসএসইউপি) বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে তিন শতাধিক তরুণ-তরুণী ব্যানার ও ফেস্টুনসহ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ।

ঢাকা আহ্ছানিয়া মিশন কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দেশে মাদক প্রতিরোধ, বিজ্ঞানভিত্তিক চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। ১৯৯০ সাল থেকে কার্যক্রম শুরুর পর বর্তমানে গাজীপুর, মুন্সিগঞ্জ ও যশোরে পুরুষদের এবং ঢাকায় নারীদের জন্য পৃথক মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পরিচালিত হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...