মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ নেত্রী ও সংরক্ষিত আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে কাফরুল থানার মহিলা লীগ সভাপতি রোকেয়া জামালকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
এর আগে তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. সোহেল সৌরভ সাবেক এমপি তুহিনকে আদালতে হাজির করে গ্রেপ্তারের আবেদন করেন। অপরদিকে রোকেয়া জামালকে মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. কবির হোসেন আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিদের গ্রেপ্তারের বিরোধিতা করে জামিনের আবেদন করেন তাদের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন। উভয় পক্ষের শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর ওই আদেশ দেয় আদালত।
সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে করা মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট মিরপুর ১৪ নম্বর আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে পৌঁছালে মামলার বাদী ও ভিক্টিম মিলন পান্না বাম হাতে ও নিতম্বে গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনের নামে মামলা করা হয়।
রোকেয়া জামালের বিরুদ্ধে করা মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর ১০-এ গুলিবিদ্ধ হয়ে মো. শাকিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় শাকিলের বাবা বাদী হয়ে মূল আসামিসহ অজ্ঞাতনামা ৩০০ জনের নামে মামলা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

