রাজধানীর তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা আবারও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরব ও সম্মাননা অর্জন করেছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন কৃতী শিক্ষার্থী অনার্স, ফাজিল ও কামিল স্তরে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর স্বীকৃতি ও বিশেষ শিক্ষাবৃত্তি লাভ করেছেন।
মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে তা‘মীরুল মিল্লাত মাদ্রাসাকে এ সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু জাফর খান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের উপস্থিতিতে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার পক্ষে এ সম্মাননা ও সনদ গ্রহণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কৃতিত্বের স্বাক্ষর রেখে আমন্ত্রিত অতিথিদের নিকট থেকে সম্মাননা স্মারক ও শিক্ষা বৃত্তি সনদ গ্রহণ করেন মিল্লাতের কৃতী শিক্ষার্থীরা।
তারা হলেন—৪ বছর মেয়াদী অনার্স স্তর: সিরাজাম মুনিরা ফারিহা, রাফিয়া হাসান জিনাত এবং তাসনিম তাবাসসুম; ৩ বছর মেয়াদী ফাজিল স্তর: আব্দুল্লাহ মুয়াজ এবং ২ বছর মেয়াদী কামিল স্তর: হুমায়রা বুশরা নূর।
এই সাফল্য প্রসঙ্গে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী মহান আল্লাহর দরবারে গভীর শুকরিয়া আদায় করে বলেন, এটি শুধু একটি সাধারণ সম্মাননা নয়—এটি একটি গৌরবময় ইতিহাস, একটি আদর্শের বিজয় এবং দীর্ঘদিনের সততা ও নিষ্ঠার স্বীকৃতি। এই অনন্য অর্জনে আমরা আনন্দিত, তবে একই সাথে মহান রবের প্রতি কৃতজ্ঞতায় আমাদের মাথা নত হয়ে আসে। কারণ প্রকৃত সম্মান ও সফলতা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। তিনি এই সাফল্যের জন্য মিল্লাত পরিবারের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

