ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ২০২১–২২, ২০২২–২৩ ও ২০২৩–২৪ শিক্ষাবর্ষসহ সব রানিং সেশনের শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের আওতায় অন্তর্ভুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সংযুক্ত ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
রোববার ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দ্রুত এ বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, বৈষম্যহীনভাবে সব রানিং সেশনের শিক্ষার্থীকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতায় অন্তর্ভুক্ত করে তাদের শিক্ষাজীবনের অনিশ্চয়তা দূর করতে হবে।
সংবাদ সম্মেলনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে সংযুক্ত ঢাকা কলেজের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী একরামুল হক জিহাদ বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বারবার বৈষম্যের শিকার হচ্ছেন। আমরা বর্তমানে পরিচয় সংকটে ভুগছি। আমাদের শিক্ষকেরা ক্লাসে বারবার আন্দোলন না করার জন্য চাপ ও হুমকি দিচ্ছেন। অথচ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার শুরু থেকেই রানিং সেশনের শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে পাশে ছিল। তাই আমরা দাবি জানাচ্ছি, শুধু একটি বা দুটি সেশন নয়, সব রানিং সেশনের শিক্ষার্থীকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে।
সংবাদ সম্মেলনে ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈয়দ আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, আজ আমরা এমন একটি ন্যায্য ও যৌক্তিক দাবি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠার উদ্দেশ্য, শিক্ষার্থীদের অধিকার এবং বৈষম্যহীন উচ্চশিক্ষা নিশ্চিত করার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
তিনি বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের সেশনজট, ফলাফল জট, প্রশাসনিক জটিলতা ও একাডেমিক অনিশ্চয়তার অবসান ঘটানো। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরও ২০২১–২২, ২০২২–২৩ এবং ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আওতায় অন্তর্ভুক্তির বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। ফলে হাজারো শিক্ষার্থী চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
তিনি আরও বলেন, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুফল কেবল নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন, দাবি ও দীর্ঘ প্রতীক্ষার সাক্ষী রানিং সেশনের শিক্ষার্থীদের বাদ দিয়ে একটি পূর্ণাঙ্গ, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বিশ্ববিদ্যালয় ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।
একই ক্যাম্পাসে, একই শিক্ষক, একই অবকাঠামো এবং একই একাডেমিক ব্যবস্থার অধীনে অধ্যয়ন করেও যদি একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পরিচয় পায় আর অন্য দল সেই পরিচয় থেকে বঞ্চিত হয়, তবে তা সুস্পষ্ট বৈষম্যের শামিল।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি জানান, ২০২১–২২, ২০২২–২৩ এবং ২০২৩–২৪ শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীকে অবিলম্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রানিং সেশন হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক পরিচয়ও নিশ্চিত করতে হবে।
এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে উত্থাপিত দাবিগুলোর বিষয়ে সুস্পষ্ট ও লিখিত বক্তব্য প্রদানের আহ্বান জানানো হয়। অন্যথায়, ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা চলমান সকল ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানানো হয়। সেই কর্মসূচি ক্যাম্পাস ভিত্তিক হবে নাকি রাজপথে-সে বিষয়ে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো
১. ২০২১–২২, ২০২২–২৩ এবং ২০২৩–২৪ শিক্ষাবর্ষের সব শিক্ষার্থীকে অবিলম্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রানিং সেশন হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।
২. অন্তর্ভুক্তির বিষয়ে দ্রুত সরকারি প্রজ্ঞাপন বা প্রশাসনিক আদেশ জারি করে শিক্ষার্থীদের অনিশ্চয়তার অবসান ঘটাতে হবে।
৩. রানিং সেশনগুলোর জন্য যুগোপযোগী একাডেমিক কারিকুলাম, নিয়মিত পরীক্ষা গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ নিশ্চিত করতে হবে।
৪. বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক, প্রশাসনিক, পরিচয়গত ও সনদসংক্রান্ত সুবিধা রানিং সেশনের শিক্ষার্থীদের জন্য সমানভাবে নিশ্চিত করতে হবে।
৫. বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং শিক্ষার্থীদের প্রতিনিধিদের সমন্বয়ে দ্রুত একটি বৈঠক করে অন্তর্ভুক্তির সুনির্দিষ্ট রোডম্যাপ ও বাস্তবায়নের সময়সীমা ঘোষণা করতে হবে।
সংবাদ সম্মেলনের শেষে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনসম্মত কর্মসূচি ঘোষণা করা হবে, যার দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

