চলমান ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সাথে ক্যাম্পাসে যানবাহন চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বুধবার (২৪ জুন) থেকে কার্যকর হচ্ছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বকাপ খেলা চলাকালীন শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ প্রবেশপথ শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ী ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত এলাকায় বহিরাগত ব্যক্তি ও সাধারণ যানবাহনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার আওতাভুক্ত যানবাহনগুলো ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।
বিজ্ঞপ্তিতে জরুরি সেবার আওতায় যেসব যানবাহন রাখা হয়েছে, তার মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিকদের গাড়ি, রাইড শেয়ারিং সেবা, খাবার সরবরাহকারী যান (ফুড ডেলিভারি), অনলাইন শপিংয়ের ডেলিভারি ভেহিকেল এবং অন্যান্য সরকারি গাড়ি। এসব সেবা নিয়ন্ত্রণের বাইরে থাকবে বলে জানানো হয়েছে।
তবে ক্যাম্পাসের ভেতরে সাধারণ গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ সবসময়ই সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনশীল। সংশ্লিষ্ট অংশীজনদের মতামত, পরামর্শ এবং মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে সময় সময় এই নির্দেশনা পুনর্মূল্যায়ন করা হতে পারে।
ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

