দারিদ্র্যের কারণে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় থাকা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক ভর্তিচ্ছু ছাত্রীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।
তার ব্যক্তিগত উদ্যোগে রোববার বিকেলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ওই ছাত্রীকে প্রয়োজনীয় অর্থ সহায়তা পাঠান। সোমবার নির্ধারিত সময়েই ওই ছাত্রী তার ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বলে জানানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলা বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন মেধাবী ওই ছাত্রী। তবে চরম আর্থিক সংকটের কারণে ভর্তি ফি জোগাড় করতে না পেরে তার শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়ে। দরিদ্র পরিবারের সীমিত সামর্থ্য আর দারিদ্র্যের নির্মম বাস্তবতায় দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্ন যেন মুহূর্তেই হারিয়ে যেতে বসেছিল। এমন সংকটময় সময়ে বড় ভাইয়ের মতো পরম মমতায় তার পাশে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক তারিক।
এদিকে সহায়তা পেয়ে আবেগাপ্লুত ওই ছাত্রী বলেন, ভর্তির টাকা জোগাড় করতে না পারায় আমি খুবই দুশ্চিন্তায় পড়ে যাই। মনে হচ্ছিল, হয়তো আর বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ হবে না। ঠিক সেই সময়ে তারিক ভাই আমার পাশে দাঁড়িয়েছেন। তার এই সহযোগিতা আমার আজীবন মনে থাকবে। আগে থেকেই তার এমন মানবিক কাজের কথা শুনে সাহস করে সাহায্যের জন্য বলেছিলাম।
জানতে চাইলে ছাত্রদলনেতা তারিক আমার দেশকে বলেন, মেয়েটির নিজ জেলা গাইবান্ধার এক ছাত্রনেতার মাধ্যমে জানতে পারি, টাকার অভাবে মেয়েটি ভর্তি হতে পারছে না। পরে তার সঙ্গে ফোনে কথা বলে বিষয়টির সত্যতা নিশ্চিত হই। একজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ শুধু অর্থের অভাবে থেমে যাবে— এটি হয় না। তাই ব্যক্তি উদ্যোগেই তার ভর্তির সমস্ত দায়িত্ব নিই।
তারিক আরও বলেন, রাজনীতির প্রকৃত উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো। একজন শিক্ষার্থীর স্বপ্ন বাঁচাতে সামান্য অবদান রাখতে পেরে আমি আনন্দিত। সমাজের সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন আর থেমে থাকবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

