যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, ভয়াবহ তথ্য দিলেন তদন্ত কর্মকর্তারা

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, ভয়াবহ তথ্য দিলেন তদন্ত কর্মকর্তারা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক হত্যাকাণ্ড ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। নিহতরা হলেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। এ ঘটনায় দেশটির বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও উদ্বেগ বিরাজ করছে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুগারিবেহকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে পূর্বপরিকল্পিত দুটি হত্যার অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের লাশ উদ্ধার করা হয়। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ধারালো অস্ত্রের একাধিক আঘাতে তাকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে, নাহিদা সুলতানা বৃষ্টি এখনো নিখোঁজ রয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, তাকেও একই কায়দায় হত্যা করে লাশ গোপন করা হয়েছে।

হিলসবরো কাউন্টি আদালতে জমা দেওয়া নথিতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তের কর্মকাণ্ড ছিল অত্যন্ত সহিংস ও নিষ্ঠুর। তাকে মুক্তি দিলে জননিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে এমন আশঙ্কা প্রকাশ করে বিচার শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন জানিয়েছেন প্রসিকিউটররা।

তদন্তে আরও জানা গেছে, অভিযুক্তের বাসা থেকে উদ্ধার হওয়া রক্তের নমুনার সঙ্গে নিখোঁজ বৃষ্টির ডিএনএ মিলে যাওয়ার দাবি করেছেন তদন্ত কর্মকর্তারা।

শনিবার অভিযুক্তকে আদালতে তোলা হয় এবং আগামী মঙ্গলবার তার প্রি-ট্রায়াল ডিটেনশন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ঘটনায় হত্যা ছাড়াও মৃতদেহ গোপন, প্রমাণ নষ্ট করা, অবৈধভাবে আটকে রাখা এবং নির্যাতনের মতো একাধিক অভিযোগ যুক্ত করা হয়েছে। ঘটনাটি যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

তথ্যসূত্র: সিএনএন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...