সাড়া ফেলেছে এআই দিয়ে বানানো আসিফ আলতাফের গান

বিনোদন রিপোর্টার

সাড়া ফেলেছে এআই দিয়ে বানানো আসিফ আলতাফের গান

‘জানি তোমার চলার পথটা কখনো ছিল না তো মসৃণ/ তবু আমার স্কুলের জামাটা ছিল আজীবন রঙিন/ আমার মাথার ‍উপরে ছাতা আকাশ তোমার মাথায়/ তবু আমার চোখের স্বপ্নেরা ভাসে তোমার চোখের পাতায়...’ এমন মায়াভরা কথায় প্রজন্মের সংগীত শিল্পী আসিফ আলতাফ গেয়েছেন ‘বাবা’ শিরোনামে একটি গান। গানটি লেখা ও কম্পোজিশনের কাজটাও করেছেন শিল্পী নিজে।

এআই দিয়ে বানানো মিউজিক ভিডিও বাবা দিবস উপলক্ষে গত সপ্তাহে ‘আসিফ আলতাফ অফিসিয়াল’ ইউটিউব চ্যানেল ও শিল্পীর নিজের প্রোফাইলে মুক্তি দেন। মুক্তির পর গানটি শুনে দর্শক-শ্রোতারা আবেগতাড়িত হয়ে পড়েন।

বিজ্ঞাপন

কমেন্টবক্সে হাসান মাহমুদ নামে এক দর্শক লিখেছেন, ‘আহা! কেবলই মুগ্ধতা। চোখে পানি এনে দিলে। মনটা জুড়িয়ে গেলো।’

অনিক বণিক নামে এক দর্শক লিখেছেন, ‘গানটা আসলেই হৃদয় ছুয়ে গেছে। প্রত্যেকটা কথাতেই আলাদা আবেগ কাজ করছে। বাবা কে খুব বেশি মিস করছি। আমাদের যাদের বাবা নাই তারাই জানি আমাদের জীবন টা কত কঠিন। প্রত্যেক বাবাকেই জানাই বাবা দিবসের শ্রদ্ধা ও শুভেচ্ছা।’

আরিফা নিশাত নামের এক নারী দর্শক লিখেছেন, ‘কি অপূর্ব কম্পোজিশন ভাইয়া! খুবই সুন্দর একটা কাজ, যেমন কথা আর সুর তেমন ভিডিও! চোখে পানি এসে গেল।’

ফরিদ লিখেছেন, ‘চমৎকার সুর, ছন্দ আর বাস্তবতায় পরিপূর্ণ। গান নয় যেন পুরোনো সৃতি গাঁথা মুক্তোর দানা। মনে করিয়ে দেয় বাবার আদর, স্নেহ, ভালোবাসার সময়গুলো। অসাধারণ উপলব্ধি উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।’

গানটি প্রসঙ্গে আসিফ আলতাফ বলেন, ‘আমরা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ হলেও বাবা নিয়ে আমাদের সবার অনুভূতি প্রায় একই। বাবা হলো একজন বটবৃক্ষ, যিনি নিজেকে রোদে পুড়িয়ে আজীবন সন্তানকে ছায়া দেন। এই গানে বাবাকে নিয়ে আমি কেবল আমার অনুভূতিটাই প্রকাশ করতে চেয়েছি। কিন্তু গানটা মুক্তির পর দেখলাম সব ধরনের শ্রোতা-দর্শক গানটা পছন্দ করেছেন। তারমানে বাবাকে নিয়ে এই অনুভূতি কেবল আমার একার না। দেশের সবার। গানটা সবার ভালো লাগছে- দিনশেষে, শিল্পী হিসেবে এটাই বড় প্রাপ্তি। সবার বাবা ভালো থাকুক।’

প্রসঙ্গত, ক্যারিয়ারের প্রথমদিকে ‘জুতো’ এবং ‘যন্ত্র’ গান দিয়ে স্বকীয়তা প্রকাশ করেন আসিফ আলতাফ। জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে করেন ‘কাঁটাতার’, ‘লক্ষ্য একই’ নামের দুটি গান। এছাড়াও শ্রোতাদের একের পর এক উপহার দেন, ন্যান্সির সঙ্গে ‘সুবহি সাদিক’, লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে ‘দূরত্ব’ ও ‘প্রেমে পড়ি’ শিরোনামের গান। তার গাওয়া ‘টাকা’ শিরোনামের গানটি এক কোটির বেশি দর্শক দেখেছেন। জুলাই অভ্যুত্থান পরবর্তীতে ভারতের চাপিয়ে দেওয়া বন্যা ও এদেশের ভারতীয় দালালদের নিয়ে লেখেন প্রতিবাদী গান ‘দালালের বন্যা’। গানটি তখন কয়েক কোটি দর্শক শুনেছেন। উল্লেখিত গানগুলো ছাড়াও আসিফ আলতাফের ‘পেন্সিল হিল’, ‘ঠিক হাজার বছর পর’, ‘এক কাপ চা’, সুফি ঘরানার গান ‘ফিকির’সহ বেশকিছু গান ভিন্নধর্মী শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন