জাকাতকে হেয় করে বিএনপি নেত্রীর বক্তব্য: শিবির ও খতমে নবুওয়তের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

জাকাতকে হেয় করে বিএনপি নেত্রীর বক্তব্য: শিবির ও খতমে নবুওয়তের প্রতিবাদ

জাকাতের মতো ইসলামের মৌলিক ও ফরজ ইবাদতকে হেয় প্রতিপন্ন করে চাঁদাবাজিকে তুলনামূলক ‘উত্তম’ হিসেবে উপস্থাপন করে বিএনপি নেত্রী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবাগাতুল্লাহ এই প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে ছাত্রশিবির নেতারা বলেন, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি নিলোফার চৌধুরী মনি জাকাতের মতো একটি পবিত্র ফরজ বিধানকে অত্যন্ত তুচ্ছতাচ্ছিল্যের সঙ্গে উপস্থাপন করেছেন। তিনি সমাজ থেকে চাঁদাবাজি নির্মূলের কথা না বলে, উল্টো একে জাকাতের চেয়ে উত্তম হিসেবে উল্লেখ করেছেন; যা কেবল অগ্রহণযোগ্যই নয়, বরং কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাতের শামিল।

তারা আরো বলেন, জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি এবং এটি অভাবীদের প্রাপ্য অধিকার ও সামাজিক বৈষম্য দূর করার একটি ঐশ্বরিক অর্থনৈতিক ব্যবস্থা। অন্যদিকে, চাঁদাবাজি একটি জঘন্য অপরাধ, যা জুলুম ও অন্যায়ের নামান্তর। ইসলামের পবিত্র বিধানকে এমন একটি অপরাধের সঙ্গে তুলনা করা চরম মূর্খতা ও ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়।

শিবির নেতারা বলেন, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া একটি দণ্ডনীয় ফৌজদারি অপরাধ। তারা নিলোফার চৌধুরী মনিকে তার এই দায়িত্বজ্ঞানহীন ও ইসলামবিদ্বেষী বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এ ছাড়াও সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করার এবং প্রশাসনের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় বিবৃতিতে।

খতমে নবুওয়তের তীব্র নিন্দা ও প্রতিবাদ

শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের টকশোতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরকার দলীয় মনোনীত নিলুফার চৌধুরী মনি ‘জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম’ বলে চরম গর্হিত মন্তব্য করেছেন। তিনি এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে মাওলানা রাব্বানী বলেন, জাকাত ইসলামের একটি ফরজ ইবাদত, যা পবিত্র কুরআনের সুস্পষ্ট নির্দেশনার ভিত্তিতে প্রবর্তিত এবং সমাজে ন্যায়বিচার ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম। পক্ষান্তরে, চাঁদাবাজি সম্পূর্ণরূপে হারাম ও জুলুমের অন্তর্ভুক্ত। এ ধরনের জঘন্য অপরাধের সাথে জাকাতের তুলনা করা শুধু ধর্মীয় অবমাননাই নয়, বরং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।

তিনি অবিলম্বে উক্ত বক্তব্য প্রত্যাহার করে জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানান এবং দায়িত্বশীল ব্যক্তিদেরকে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন