হজ ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতি, কোরবানির টাকা আত্মসাতের অভিযোগ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হজ ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতি, কোরবানির টাকা আত্মসাতের অভিযোগ
ছবি : সংগৃহীত

চাকরির পেনশনের টাকাসহ জীবনের সব জমানো অর্থ খরচ করে স্ত্রীকে নিয়ে হজে গিয়েছিলেন নজরুল ইসলাম খান। কিন্তু হজ শেষে তার মনে বড় অসন্তুষ্টি ও দুশ্চিন্তা রয়ে গেছে। বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে হজে গিয়ে নজরুল ইসলামের সন্দেহ হয়েছে, এজেন্সি তার কোরবানির টাকা আত্মসাৎ করেছে। তিনি সৌদি সরকারের ডিজিটাল সিস্টেমে চেক করে তার কোরবানির কোনো তথ্য পাননি।

এই অনিয়ম ও কোরবানির টাকা আত্মসাতের অভিযোগ এখন অনেক হাজিসূত্রেই পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

নুসুক অ্যাপে তথ্যের অনুপস্থিতি

বাংলাদেশ থেকে আগে হাজিরা নিজেরা পশু কিনে কোরবানি দিতে পারতেন। তবে চলতি বছর থেকে সৌদি সরকার ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে কোরবানি বাধ্যতামূলক করেছে। কোরবানি ঠিকঠাক হয়েছে কি-না, তা এই অ্যাপে দেখার সুযোগ রয়েছে। বাংলাদেশ সরকারও হজের আগে প্রজ্ঞাপন জারি করে এজেন্সিগুলোকে অ্যাপে তথ্য যুক্ত করার নির্দেশ দিয়েছিল। কিন্তু অনেক এজেন্সি এই নির্দেশনা মানেনি। ফলে হাজিদের মনে সন্দেহ আরো জোরদার হয়েছে।

এক হজের কথা বলে অন্য হজে নিবন্ধন

হজ মূলত তিন ধরনের-তামাত্তু, কিরান ও ইফরাদ। এর মধ্যে তামাত্তু ও কিরান হজে কোরবানি বাধ্যতামূলক হলেও ইফরাদ হজে কোরবানির বাধ্যবাধকতা নেই। বাংলাদেশের অধিকাংশ হাজিই তামাত্তু হজ করেন। অভিযোগ উঠেছে, হাজিদের অজ্ঞতার সুযোগ নিয়ে এজেন্সিগুলো তামাত্তু হজের কথা বলে তাদের ইফরাদ হাজি হিসেবে নিবন্ধন করেছে।

যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক সানজিদুল আলম জানান, তার কাফেলার কেউই ইফরাদ হজ করেননি। অথচ এজেন্সি শতাধিক ব্যক্তিকে ইফরাদ হাজি হিসেবে দেখিয়েছে।

‘আল মূলতাজিম হজ কাফেলা ট্রাভেলস’ নামের এজেন্সিটি তাদের ৮০ জন হজযাত্রীকে চট্টগ্রামভিত্তিক বড় এজেন্সি ‘দূয়ুফুর রহমান ট্রাভেলস’-এর মাধ্যমে পাঠিয়েছিল। দূয়ুফুর রহমান চলতি বছর প্রায় ২২০০ জন হাজি পাঠালেও কোরবানি দিয়েছে মাত্র ১ হাজার ৩৫০ জনের। বাকি ৮৫০ জনকে তারা কোরবানি ছাড়া ইফরাদ ক্যাটাগরিতে দেখিয়েছে।

নানান অজুহাতে বাড়তি টাকা আদায়

হাজিদের কাছ থেকে মূল প্যাকেজের বাইরে কোরবানির জন্য অতিরিক্ত অর্থ যেমন নেওয়া হয়েছে, তেমনি হজের আগেই ‘ভুলের দম’ (হজে ভুল হলে শুদ্ধ করার কোরবানি) বাবদ অগ্রিম টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

ঢাকার বনশ্রীর বাসিন্দা এ কে এম আহসানুজ্জামান জানান, সরকারি নিয়ম অনুযায়ী সাড়ে ছয় লাখ টাকার প্যাকেজের ভেতর কোরবানি থাকার কথা থাকলেও তার এজেন্সি কোরবানি ছাড়াই ৬ লাখ ৭০ হাজার টাকা নিয়েছে। এরপর তার পরিবারের চার সদস্যের প্রত্যেকের কাছ থেকে প্রায় চারটি করে কোরবানির টাকা নেওয়া হয়েছে। কিন্তু কোরবানি হওয়ার কোনো প্রমাণ এজেন্সি দেখাতে পারেনি। কোনো কোনো ক্ষেত্রে হজযাত্রীদের এজেন্সির কর্মী বা গাইড হিসেবে দেখানোর ঘটনাও ঘটেছে।

টাকা ফেরত দিয়ে সমঝোতার চেষ্টা

অভিযোগকারী হাজিরা দেশে ফেরার পর অভিযুক্ত এজেন্সিগুলো তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। এ কে এম আহসানুজ্জামান জানান, এজেন্সির প্রতিনিধিরা তার বাসায় এসে অতিরিক্ত নেওয়া টাকা ফেরত দিতে চেয়েছেন। তবে শর্ত দিয়েছেন, হজ অফিসে করা অভিযোগ তুলে নিয়ে কাগজে সই দিতে হবে।

কোরবানির অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে ‘আল মূলতাজিম’-এর স্বত্বাধিকারী ফরিদ আহমদ বলেন, তারা কোনো টাকা আত্মসাৎ করেননি। ৮০ জনের মধ্যে ৭৫ জনের কোরবানির টাকা তারা লিড এজেন্সি ‘দূয়ুফুর রহমান ট্রাভেলস’-এর কাছে জমা দিয়েছেন।

হজের আগে ‘দম’-এর টাকা নেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, সৌদি আরবে কারেন্সি নিয়ে যাওয়ার সমস্যার কারণে তারা দেশে থাকতেই এই টাকা নিয়েছিলেন।

অভিযোগ তুলে নেওয়ার শর্তে টাকা ফেরতের বিষয়ে তিনি বলেন, এটি কোনো চাপ নয়, ভুল বোঝাবুঝি দূর করতে সই নিয়ে টাকা ফেরত দেওয়া হচ্ছে।

অন্যদিকে ‘দূয়ুফুর রহমান ট্রাভেলস’-এর কর্ণধার আব্দুর রহমান দাবি করেন, সব প্রমাণ তার কাছে আছে এবং মন্ত্রণালয় চাইলে তিনি তা দেখাবেন।

নুসুক অ্যাপে তথ্য না দেওয়ার বিষয়ে তিনি আইটি কর্মীর অভাবকে দায়ী করেন।

মন্ত্রণালয়ের বক্তব্য

চলতি বছর মোট সাড়ে ৭৮ হাজার হজযাত্রীর মধ্যে প্রায় ৭৪ হাজারই গেছেন বেসরকারি এজেন্সির মাধ্যমে। তবে কতজন কোরবানির টাকা দিয়েছেন এবং সবার কোরবানি হয়েছে কি-না, তার সঠিক পরিসংখ্যান সরকারের কাছে নেই।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব আয়াতুল ইসলাম জানান, বেশির ভাগ বাংলাদেশি তামাত্তু হজ করেন। কোনো এজেন্সি সরকারি নির্দেশনা না মানলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, কোনো এজেন্সি নিয়ম মানেনি তা বের করার কার্যকর উপায় এই মুহূর্তে সরকারের কাছে নেই। তবে হাজিদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: বিবিসি বাংলা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন