ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার ঘটনায় সমালোচনার মুখে নতুন বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনা জেনে বাংলাদেশ মর্মাহত।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় খামেনি নিহত হওয়ার একদিন পর সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি এলো।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন ও রীতি লঙ্ঘন করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্যবস্তু বানিয়ে তাকে হত্যার ঘটনা জেনে সরকার মর্মাহত। ইরানের ভ্রাতৃপ্রতীম জনগণের প্রতি আন্তরিক শোক জানাচ্ছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ বিশ্বাস করে, সংঘাতের মাধ্যমে কোনো সমাধান আসে না। কেবল সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হতে পারে।
এর আগে গতকাল রোববার মধ্যপ্রাচ্যের ‘কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের’ নিন্দা জানিয়ে বিবৃতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বিবৃতিতে সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় সাতটি দেশের নাম উল্লেখ করা হলেও ইরানে হামলা চালিয়ে খামেনিকে হত্যার বিষয়ে কিছু বলা ছিল না, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
শনিবার ইরানজুড়ে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি, তার কন্যা, জামাতা ও নাতিও প্রাণ হারিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

