ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে বিজয়ী জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি ও গুম হওয়া বিএনপি নেতা সুমনের মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
শনিবার সকালে রাজধানীর নাখালপাড়ায় তুলির বাসায় গেলে তার মা আরমানকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। আরমানকে ‘আব্বা’ সম্মোধন করে তুলির মা বলেন, আমি খুব খুশি হয়েছি। এ সময় আরমানের স্ত্রীও সঙ্গে ছিলেন।
পরে ব্যারিস্টার আরমান সাংবাদিকদের বলেন, আমি যখন আয়নাঘর থেকে বের হয়ে আসি, তখন আমার পরিবার; প্রথম ‘মায়ের ডাক’ সংগঠনের কথা বলে-যারা সার্বক্ষণিক আমার পরিবারের খোঁজ খবর নেয়।
তিনি বলেন, এখন পর্যন্ত গুম হওয়া সুমন ভাইয়ের (তুলির ভাই) গুমের সঙ্গে যারা জড়িত, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। সুমন ভাইয়ের মতো শত শত পরিবার এখনও জানতে পারেনি, তাদের সন্তানের সঙ্গে কী হয়েছে।
আরমান আরো বলেন, আমি যখন গুম ছিলাম, তখন আমার অনেক নিকটাত্মীয় যোগাযোগ রাখেনি, কিন্ত এই পরিবারটা আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে। তারা গুমের শিকার পরিবারকে আন্দোলন করা শিখিয়েছে।
তিনি বলেন, গুমের সঙ্গে যারাই জড়িত হোক না কেন, যত পরাশক্তি থাক না কেন; যতদিন তাদেরকে বিচারের আওতায় না আনা হবে, আমাদের সংগ্রাম চলবে। এই পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক রাজনীতির অনেক ঊর্ধ্বে। আমি আজীবন এই পরিবারের কাছে কৃতজ্ঞ থাকব।
এ সময় তুলির মা বলেন, আমার সুমনকে বের করতে হবে। এটা আমার আবদার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

