আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা-১১ আসনে উৎসবের আমেজে নারী ভোটারদের ভিড়

স্টাফ রিপোর্টার

ঢাকা-১১ আসনে উৎসবের আমেজে নারী ভোটারদের ভিড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রদানের জন্য সকাল থেকেই ঢাকা-১১ আসনের ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে ভোটারদের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো।

বৃহস্পতিবার সকালে সরজমিন উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা, এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন কেন্দ্রে এমন চিত্র দেখা যায়।

বিজ্ঞাপন

তাসলিমা জাহান নামের এক ভোটার বলেন, 'আমি ভোটার হয়েছি আরো আগে। কিন্তু তখন কোনো ভোট দিইনি। এবারই আমার প্রথম ভোট। গতকাল থেকে মুখিয়ে ছিলাম কখন যে ভোট দিতে আসব। এখানে এসে দেখি সবার মধ্যে অন্যরকম এক উৎসব কাজ করছে।

তিনি বলেন, আমাদের পরিবারে সাতজন ভোটার। এত দিন ভোট দেওয়ার সুযোগ ছিল না। যাদের জন্য এমন সুযোগ হয়েছে তাদের কথা তো সবাইকে মনে রাখতে হবে।

মুসলিমা বেগম নামে মধ্যবয়সী আরেক ভোটার বলেন, আজ ভোট দিতে এসে মনে হচ্ছে কোনো আত্মিয়ের বাড়িতে ঘুরতে এসেছি। সবার মধ্যে কত আনন্দ। সবাই হাসি খুশী। মনখুলে কথা বলতে পারছি একে অন্যের সাথে।

তিনি বলেন, আগে ভোটের সময় আসলে এক আতংক কাজ করতো। এই বুঝি খারাপ কিছু ঘটে গেলো এমন উৎকণ্ঠায় থাকতাম। কিন্তু এখন আর তা নেই। আমরা এমন ভোটাধিকারই চাই।

এদিকে, ঢাকা ১১ আসনে মূল প্রতিদ্বন্দ্বীতা করছেন ১১ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে এম. এ. কাইয়ুম। এছাড়া গণঅধিকার পরিষদ মো. আরিফুর রহমান, ইসলামী আন্দোলন থেকে শেখ মো. ফজলে বারী মাসউদসহ আরো ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর: ২১, ২২, ২৩, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ এবং ৪২ নিয়ে ঢাকা ১১ আসন গঠিত। এখানে মোট ভোটার ৪,৩৯,০৭৮

যার মধ্যে পুরুষ ভোটার ২,২২,৮৭৭, নারী ভোটার, ২,১৬,১৯৮ এবং তৃতীয় লিঙ্গ ভোটার তিন জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন