আবার জেলে যাবো: বিরোধীদলীয় নেতাকে প্রশ্ন পানিসম্পদ মন্ত্রীর

সংসদ রিপোর্টার

আবার জেলে যাবো: বিরোধীদলীয় নেতাকে প্রশ্ন পানিসম্পদ মন্ত্রীর

বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা আবার একসঙ্গে জেলে যাবেন কি না—বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে এ প্রশ্ন রেখেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

রোববার সংসদে বাজেট আলোচনায় তিনি বিরোধী দলের সমালোচনা করে এ প্রশ্ন রাখেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, “খালেদা জিয়ার নেতৃত্বে কঠিন আন্দোলন করে আজকে সবাই সংসদে এসেছি। ঐক্য খুব জরুরি। ঐক্যের ওপর আমাদের ভর করতে হবে। ঐক্য নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। সামনে উপস্থিত বিরোধীদলীয় নেতা, কাশিমপুর জেলখানার কথা তো মনে পড়ে? একসঙ্গেই তো ছিলাম, ভিন্ন তো ছিলাম না। নামাজ পড়েছি, খাওয়া-দাওয়া করেছি, আলোচনা করেছি এবং ফ্যাসিস্ট থেকে মুক্ত হওয়ার জন্য কৌশল নির্ধারণ করেছি।”

এ সময় বিরোধীদলীয় নেতা মাইক ছাড়াই কিছু একটা বলেন। তখন শহীদ উদ্দীন চৌধুরী হেসে বলেন, “আবার জেলে যাব?” এরপর তিনি বলেন, “আবার আমাদেরকে যেতে (জেলে) হবে না। কারণ এদেশের মানুষ তারেক রহমানের সঙ্গে আছে। এদেশের মানুষ প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ছিল, এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিল। আবার যাওয়ার ব্যবস্থা করবেন না বিরোধীদলীয় নেতা।”

বিএনপি সরকার প্রতিহিংসাপরায়ণ হবে না দাবি করেন পানিসম্পদ মন্ত্রী। তার ভাষ্য, ভালো কাজের মাধ্যমে সরকার প্রতিশোধ নেবে। তিনি বলেন, “২০ হাজার কিলোমিটার খাল খনন আরেকটা প্রতিশোধ।”

পানিসম্পদ মন্ত্রী বলেন, “পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রসহ সারাদেশে চার হাজার কিলোমিটার নদী ভাঙন এলাকায় মানুষ মানবেতর জীবনযাপন করছে। তাদের চোখে-মুখে হতাশার ছাপ। তারা বাজেট জানে না, বোঝে না। তারা বাঁচতে চায়। আমি যখন কথা বলছি, সেই মুহূর্তে ২, ৩, ৪ কিলোমিটার ভাঙনের শিকার হচ্ছে।”

শহীদ উদ্দীন চৌধুরী বলেন, “সাত কোটি মানুষের জন্য পদ্মা ব্যারেজ বাস্তবায়নের প্রকল্প হাতে নিয়েছি। এই অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যেকোনো নামে হোক, আমরা তা বাস্তবায়ন করবই। চীন সফরে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন। চীনের রাষ্ট্রপতির পানি সম্পদের ওপর ব্যাপক জ্ঞান রয়েছে। তিনি এবং চীনের প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, তারা বাংলাদেশের মানুষের পক্ষে রয়েছেন। বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা যা কিছু দরকার, চীন সরকার তা করবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন