টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম ফাইফারের দেখা পেয়েছেন নাহিদ রানা। তার ফাইফারে ভর করে মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের বড় জয় পেল বাংলাদেশ। এই প্রথম ঘরের মাঠে পাকিস্তানকে হারালো লাল-সবুজের প্রতিনিধিরা।
মিরপুরে নাহিদ রানার চতুর্থ শিকারে পরিণত হয়েছেন নোমান আলী। তার বিদায়ে হারের দ্বারপ্রান্তে পাকিস্তান।
তাইজুল ইসলামের বলে লেগ বিফোরের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরলেন হাসান আলী। ফেরার আগে তার ব্যাটে আসে ১ রান। পাকিস্তানের ৮ম উইকেটের পতন। টেস্ট জিততে বাংলাদেশের দরকার আর দুই উইকেট।
নাহিদ রানার দারুন এক ইনসুইংগারে বোল্ড হয়ে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। ফেরার আগে তার ব্যাটে আসে ৪৬ বলে ১৫ রান। বলের লাইন বুঝতে না পেরে ছেড়ে দেন মোহাম্মদ রিজওয়ান। ভেবেছিলেন বল চলে যাবে উইকেটরক্ষকের হাতে। তবে সেই বল সরাসরি স্ট্যাম্পে গিয়ে আঘাত আনে।
পাকিস্তান- ১৫২/৬, ৪৪.৪ ওভার
উইকেটে থিতু হয়ে ছিলেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। দুজন মিলে ৬ষ্ঠ উইকেট জুটিতে ৩১ রান যোগ করে দলকে টিকিয়ে রাখেন ম্যাচে। নাহিদ রানার বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরত যান প্যাভিলিয়নে। ফেরার আগে তার ব্যাটে আসে ৩২ বলে ১৫ রান।
ম্যাচ জিততে পাকিস্তানের দরকার আরও ১১৬ রান।
তাসকিন আহমেদের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন সালমান আগা। ফেরার আগে তার ব্যাটে আসে ২৬ রান।
পাকিস্তান-১১৯/৪, ৩২ ওভার
চা বিরতির পর প্যাভিলিয়নে ফিরলেন আব্দুল্লাহ ফজল। তাকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। ফেরার আগে তার ব্যাটে এসেছে ৬৬ রান।
লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন এই ব্যাটার। জয়ের জন্য এখন পাকিস্তানের দরকার ১৪৯ রান।
২৬৮ রানের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তান দ্বিতীয় সেশন ব্যাট চালিয়েছে অনেকটা আক্রমণাত্মকভাবে। তাতে ৩ উইকেটে ১১৬ রান তুলে চা বিরতিতে গিয়েছে পাকিস্তান। তৃতীয় সেশনে ম্যাচ জয়ের জন্য পাকিস্তানের দরকার ৭ উইকেটে আরও ১৫২ রান।
দ্বিতীয় সেশন শেষে অপরাজিত আছেন সালমান আগা ও আব্দুল্লাহ ফজল। এই দুই ব্যাটারের ব্যাটে এসেছে যথাক্রমে ২১ ও ৬৬ রান। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মেহেদি হাসান মিরাজ একটি করে উইকেট শিকার করেন।
আজান আওয়াইসের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক শান মাসুদ। তবে দলকে সামনে টানতে পারেননি। উল্টো আউট হয়েছেন ২ রান করে। তাকে ফিরিয়েছেন পেসার নাহিদ রানা। তার বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন শান মাসুদ।
পাকিস্তান- ৫৭/২, ১২.১ ওভার
প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন আজান আওয়াইস। দ্বিতীয় ইনিংসে সেই ধারা ধরে রাখতে পারেননি। দলের বিপদের সময় তিনি আউট হয়েছেন ১৫ রানে। তাকে ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ।
মধ্যাহ্ন বিরতি শেষে মাঠে নেমেছে বাংলাদেশ ও পাকিস্তান। ১ উইকেটে ৬ রান নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করল পাকিস্তান
বাংলাদেশের দেওয়ার ২৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ উইকেটে ৬ রান তুলেছে পাকিস্তান। ইমাম উল হক দুই রান করে আউট হয়েছে। মধ্যাহ্ন বিরতি শেষে অপরাজিত আছেন আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল।
২৬৮ রানের শুরুতে খেলতে নেমেই ফিরলেন ইমাম উল হক। তাসকিন আহমেদের করা প্রথম ওভারের শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ইমাম উল হক। ফেরার আগে তার ব্যাটে এসেছে মাত্র ২ রান।
বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমেছে পাকিস্তান। এই লক্ষ্য তাড়া করতে দুই সেশনের বেশি সময় পাচ্ছে পাকিস্তান। মিরপুরে ২০৯ রানের বেশি লক্ষ্য তাড়া করার রেকর্ড নেই। ফলে পাকিস্তানকে রেকর্ড গড়ে ম্যাচ জিততে হবে।
তাসকিন আহমেদ অনেকটা ওয়ানডে স্টাইলে করছিলেন ব্যাট। ৬ বলে তার ব্যাটে আসে ১১ রান। হাসান আলীর বলে তার বিদায়ের পর ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাতে বাংলাদেশের লিড দাঁড়ায় ২৬৭।
গতকাল বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানান, ২৬০-২৭০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ। শেষ পর্যন্ত হয়েছেও তাই। পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে। এই লক্ষ্য তাড়া করতে মধ্যাহ্ন বিরতির আগেই মাঠে নামবে পাকিস্তান।
বাংলাদেশ-২৩২/৮, ৬৯.৪ ওভার, লিড- ২৫৯
ব্যাটিংয়ে নেমে ওয়ানডে স্টাইলে ব্যাটিং শুরু করেছিলেন মেহেদি হাসান মিরাজ। নোমান আলীর বলে সালমান আগার হাতে ক্যাচ তুলে দেন। ফেরার আগে তার ব্যাটে আসে ২৭ বলে ২৪ রান। তাতে লিড ২৫০'র উপরে চলে গেছে।
তার বিদায়ের পর ৭ বলে ৩ রান করে আউট হন তাইজুল ইসলাম। তাকেও আউট করেছেন নোমান আলী।
বাংলাদেশ- ২১৭/৬, ৬৭.৩ ওভার, লিড ২৪৪
রিভার্স সুইপ করতে গিয়ে লেগ বিফোরের শিকার হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ফেরার আগে তার ব্যাটে এসেছে ৮৭ রান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করার সুযোগ ছিল তার সামনে। তবে লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরত যান তিনি।
তাকে আউট করেছেন নোমান আলী।
শাহিন শাহ আফ্রিদির বাউন্সারে ফাইন লেগে ক্যাচ তুলে দেন লিটন দাস। ফেরার আগে তার ব্যাটে আসে ২৮ বলে ১১ রান। ফাইন লেগে হাসান আলী ক্যাচ তালুবন্দি করেন।
বাংলাদেশ- ১৮৪/৪, ৫৯ ওভার, লিড- ২১১
১৭৯ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। দিনের শুরুতে মুশফিকুর রহিমকে হারালেও লিড বাড়ানোর পথে তা বাধা হয়ে দাঁড়ায়নি। ইতোমধ্যে ২০০'র বেশি রানের লিড নিয়েছে বাংলাদেশ। উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে আছেন লিটন দাস।
৩৭ বলে ২২ রান করে আউট হলেন মুশফিকুর রহিম। হাসান আলীর বলে মিড অফে সহজ একটা ক্যাচ তুলে দেন মুশফিক। সেখানে দাঁড়ানো শান মাসুদ বল তালুবন্দি করতে ভুল করেননি। তাতে আউট হয়ে ফেরেন মুশফিকুর রহিম।
শুভ সকাল!
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সবাইকে স্বাগতম।
গতকাল ৩ উইকেটে ১৫২ রান নিয়ে মিরপুর টেস্টের চতুর্থ দিনশেষ করেছে বাংলাদেশ। তাতে বাংলাদেশের লিড ছিল ১৭৯ রান। আজ সেই লিড বাড়িয়ে ম্যাচ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ।
গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেছিলেন লিড ২৬০-২৭০ হলেই ইনিংস ঘোষণা করবে বাংলাদেশ। দেখা যাক, শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে বাংলাদেশের ইনিংস।