২৫৭ রানে পিছিয়ে দিন শেষ করল পাকিস্তান

১৭: ৩৬, মে ১৬

২১ রান তুলে দিন শেষ করল পাকিস্তান

শেষ বিকেলে বাংলাদেশকে অলআউট করে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। সুযোগ পেয়েছিল ৬ ওভার ব্যাটিংয়ের। এ সময়ে ২১ রান তুলে প্রথম দিনশেষ করেছে পাকিস্তান। প্রথম দিনশেষে ২৫৭ রানে পিছিয়ে আছে পাকিস্তান।

১৭: ০২, মে ১৬

২৭৮ রানে থামলো বাংলাদেশ

সিলেট টেস্টের প্রথম দিনের শেষ বেলায় অলআউট হয়েছে বাংলাদেশ। এর আগে ২৭৮ রান তুলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে ১২৬ রান করেছেন লিটন দাস। পাকিস্তানের হয়ে খররাম শেহজাদ ৮১ রানে নেন চার উইকেট।

১৬: ২৪, মে ১৬

৬ষ্ঠ সেঞ্চুরির দেখা পেলেন লিটন

টেস্ট ক্যারিয়ারে নিজের ৬ষ্ঠ সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাস। দলের বিপদে হাল ধরে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে এটা তার তৃতীয় সেঞ্চুরি। এর আগে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই সেঞ্চুরি করেছিলেন তিনি।

১৫: ৪৯, মে ১৬

উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন তাসকিন

খুররাম শেহজাদের চতুর্থ শিকারে পরিণত হয়েছেন তাসকিন আহমেদ। উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ফেরার আগে তার ব্যাটে আসে ১৩ বলে ৭ রান।

১৫: ২৭, মে ১৬

ফিফটির দেখা পেলেন লিটন

সাদা পোশাকের ক্যারিয়ারের ২০তম ফিফটির দেখা পেয়েছেন লিটন দাস। টপ অর্ডারের কোন ব্যাটারের কাছ থেকে বড় রান পায়নি বাংলাদেশ। সেই আক্ষেপটা তাই মেটাতে পেরেছেন লিটন।

১৫: ১৭, মে ১৬

সাজিদের বলে তাইজুল আউট

৭ম উইকেট জুটিতে তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে লিটন দাস গড়েছিলেন ৬০ রানের জুটি। দারুণ খেলতে থাকা এই জুটি ভেঙেছেন সাজিদ খান। তিনি তাইজুল ইসলামকে ফেরান।

ভেতরে ঢোকা এক বলে বোল্ড হন তাইজুল। ফেরার আগে তার ব্যাটে আসে ৪০ বলে ১৬ রান।

১৪: ৪১, মে ১৬

৭ম উইকেট জুটিতে বাংলাদেশের ৫০!

প্রথম ছয় উইকেট জুটির কোনটিই পার করেনি ৫০ রান। শেষ পর্যন্ত এই মাইলফলক স্পর্শ করতে পারল ৭ম উইকেট জুটি। তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে লিটন দাস ৫০ রান যোগ করে দলকে এগিয়ে নিচ্ছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৫৪ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান।

এই রান নিয়ে চা বিরতিতে গিয়েছে বাংলাদেশ।

১৩: ৩৫, মে ১৬

বাজে শটে আউট মিরাজ

খুররাম শেহজাদের তৃতীয় শিকারের পরিণত হয়েছেন মেহেদি হাসান মিরাজ। ৬ বলে ৪ রান করে আউট হয়েছেন তিনি।

খুররাম শেহজাদের করা শর্ট ডেলিভারিতে উড়িয়ে মারার চেষ্টা করেন মিরাজ। ব্যাট-বলের টাইমিং ঠিকঠাক হয়নি। ডিপ ফাইন লেগে ক্যাচ তুলে দেন। সেখানে থাকা হাসান আলী বল সহজে তালুবন্দি করেছেন।

১৩: ২৭, মে ১৬

এবার রিভিউ নিয়েও বাঁচতে পারলেন না মুশফিক

একটু আগে পাকিস্তান রিভিউ না নেওয়ায় বেঁচে গিয়েছিলেন মুশফিকুর রহিম। এবার তেমন হয়নি, আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেন। তবে এবার আর টিকতে পারেননি। আউট হন।

ফেরার আগে ৬৪ বলে ৩৩ রান করেন মুশফিকুর রহিম। তাকে বিদায় করেন খুররাম শেহজাদ।

১৩: ১১, মে ১৬

শান্ত ফিরলেন

মধ্যাহ্ন বিরতির পর বাংলাদেশকে চাপে রেখেছে পাকিস্তান। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাত্র ২৯ রান করে আউট এই বাঁহাতি ব্যাটার।

১৩: ০৪, মে ১৬

জীবন পেলেন মুশফিক

সিলেট টেস্টে গুরুত্বপূর্ণ মুহূর্তে বড় ভুল করল পাকিস্তান। সাজিদ খানের বলে স্পষ্ট সুযোগ পেয়েও রিভিউ নেয়নি সফরকারীরা, আর তাতেই জীবন পান অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

বাংলাদেশের ইনিংসের ৩০তম ওভারে সাজিদের ডেলিভারিতে ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। পাকিস্তানি খেলোয়াড়রা জোরালো আবেদন করলেও ফিল্ড আম্পায়ার আউট দেননি। এরপর রিজওয়ানসহ কয়েকজন খেলোয়াড় রিভিউ নেওয়ার আলোচনা করলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলায় পাকিস্তান।

তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন মুশফিক। তখন তার সংগ্রহ ছিল ১৮ রান। রিপ্লেতে অবশ্য ব্যাটে স্পর্শের ইঙ্গিত মিলেছে, যা পাকিস্তানের আক্ষেপ আরও বাড়িয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভারে ২ উইকেটে ১০৫ রান।

১২: ০৬, মে ১৬

মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

বাংলাদেশ- ১০১/৩, ২৬ ওভার

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে ২৬ ওভারে ১০১ রান তুলেছে বাংলাদেশ। প্রথম সেশন শেষে অপরাজিত আছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। তাদের ব্যাটে এসেছে যথাক্রমে ১৮ ও ২৬ রান। দুজন মিলে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেছেন ৩৮ রান।

স্কোরবোর্ডে ১০০ রান তোলার আগে তিন উইকেট হারায় বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় আউট হন ইনিংসের দ্বিতীয় বলেই। থিতু হয়ে ফিরেছেন তানজিদ তামিম ও মমিনুল হক। পাকিস্তানের হয়ে দুই উইকেট নেন মুহাম্মদ আব্বাস।

১১: ১৭, মে ১৬

মমিনুল আউট

পাকিস্তানি পেসার খুররাম শেহজাদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরলেন মমিনুল হক। ফেরার আগে তার ব্যাটে এসেছে ৪১ বলে ২২ রান। তার বিদায়ে বাংলাদেশ হারালো তৃতীয় উইকেট।

শর্ট লেন্থে থাকা বলটা বুঝতে পারেননি মমিনুল হক। তার ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে সরাসরি আঘাত হানে স্ট্যাম্পে। তাতে বোল্ড হয়ে তাকে ফিরতে হয়েছে।

১০: ৫১, মে ১৬

আউট তানজিদ তামিম

মুহাম্মদ আব্বাসের দ্বিতীয় শিকারে পরিণত হয়েছেন তানজিদ হাসান তামিম। ফেরার আগে তার ব্যাটে এসেছে ৩৪ বলে ২৬ রান। অফ স্ট্যাম্পের বাইরে খানিকটা বাউন্সি লেন্থে আসা বলটা মিড অফের উপর দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন তানজিদ। এমন বলে মিড অফের উপর দিয়ে হাঁকালে থাকে আউট হওয়ার সম্ভাবনা। সেই শটটা খেলেই আউট হয়েছেন তানজিদ তামিম। ব্যাটের কোণায় লেগে বোলার মুহাম্মদ আব্বাসের হাতেই ক্যাচ তুলে দেন।

১০: ৪৭, মে ১৬

ইনজুরিতে মাঠ ছাড়লেন হাসান আলী

সিলেট থেকে আপডেট জানিয়েছেন এম এম কায়সার

ম্যাচের ৮ম ওভারে এই দুর্ঘটনা ঘটে। হাসান আলী তার প্রথম ওভারে ৫ম বলে ফলোথ্রুতে ক্যাচ ধরতে গিয়ে তাল সামাল দিতে না পেরে মাটিতে পড়ে যান। ব্যাটার ছিলেন তানজিদ হাসান। প্রথমে মনে হচ্ছিল কাঁধে টান পড়েছে হাসান আলীর। কিন্তু তিনি মাটি থেকে উঠে দাড়াতেই পারছিলেন না। মাথা ধরে বসেছিলেন। পরে স্ট্রেচারে শুয়ে তাকে মাঠ ছাড়তে হয়েছে।

ওভারের শেষ বল করেছেন সালমান আলী আগা। এটা কনকাশন সাব হবে কি না তা এখনো জানা যায়নি।

১০: ৩৬, মে ১৬

ফ্লাডলাইট জ্বলল সকালেই!

সিলেট থেকে আপডেট জানিয়েছেন এম এম কায়সার

সাধারণত বিকেল বা সন্ধ্যায় স্টেডিয়ামে খেলা চলাকালে ফ্লাডলাইট জ্বলে। কিন্তু সিলেট টেস্টে সকাল সকালই ফ্লাডলাইটের আলো জ্বলল। ঘড়ি কাঁটা তখন সকাল ১০টা ২৭ মিনিট। খেলা চলছে পঞ্চম ওভারের। মেঘলা আকাশের কারণে চারধার অন্ধকার হয়ে যাওয়ায় ফ্লাডলাইট জ্বালিয়ে দেওয়া হয়। সিলেট টেস্টের দ্বিতীয় বলেই বাংলাদেশ হারিয়েছে ওপেনার মাহমুদুল হাসান জয়ের উইকেট। ৬ ওভারে বাংলাদেশের স্কোর দাড়ায় ১ উইকেটে ২৯ রান।

১০: ০৮, মে ১৬

ম্যাচের দ্বিতীয় বলেই আউট জয়

মুহাম্মদ আব্বাসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। এর আগে প্রথম বলেই তার বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন করেন। তবে আম্পায়ার সেই আবেদনে সাড়া না দেওয়ায় বেঁচে যান তিনি।

পরের বলেই তাকে ফেরান মুহাম্মদ আব্বাস। ঢাকা টেস্টেও খুব একটা ভালো করতে পারেননি। দুই ইনিংসে যথাক্রমে ৮ ও ৫ রান করেন তিনি।

১০: ০৫, মে ১৬

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিলেটে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টস হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ একাদশে আছে দুই পরিবর্তন আর পাকিস্তান একাদশে আছে তিনটি পরিবর্তন।

বাংলাদেশের হয়ে তানজিদ হাসান তামিমের টেস্ট অভিষেক হয়েছে। ইনজুরিতে থাকা সাদমান ইসলামের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন তিনি। অন্যদিকে ইবাদত হোসেনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ-
আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।