শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে জার্মানি-প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক

শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে জার্মানি-প্যারাগুয়ে

বিশ্বকাপে গ্রুপ পর্বে দুর্দান্ত শুরু করেও শেষ ম্যাচে হোঁচট খেয়েছিল জার্মানি। অন্যদিকে তৃতীয় স্থান নিয়ে কোনোমতে নকআউটে জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। এবার শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুদল। বাংলাদেশ সময় আগামীকাল রাত আড়াইটায় মুখোমুখি হবে ইউরোপের চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও দক্ষিণ আমেরিকার প্রতিনিধি প্যারাগুয়ে।

গ্রুপ ‘ই’-এর শীর্ষ দল হিসেবে নকআউটে উঠেছে জুলিয়ান নাগেলসমানের জার্মানি। প্রথম দুই ম্যাচে কুরাসাও ও আইভরি কোস্টকে উড়িয়ে দিয়ে নয় গোল করেছিল তারা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ২-১ ব্যবধানে হেরে কিছুটা ছন্দ হারিয়েছে জার্মানরা। বিশ্বকাপ শুরুর আগে অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে বিবেচিত না হলেও ধীরে ধীরে নিজেদের সম্ভাবনার জানান দিয়েছে জার্মানরা। তবে নকআউটের পথ মোটেও সহজ নয়। শেষ বত্রিশ পার হতে পারলে পরের ধাপে তাদের প্রতিপক্ষ হতে পারে শক্তিশালী ফ্রান্স।

বিজ্ঞাপন

বিশ্বকাপে জার্মানির ইতিহাস অবশ্য সমৃদ্ধ। চারবার শিরোপা জেতা দলটি অবশ্য ২০১৮ ও ২০২২ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। এবার সেই হতাশা কাটিয়ে আরো দূর যেতে চায় তারা। বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে অতীত স্মৃতিও সুখকর জার্মানির। ২০০২ সালের আসরের শেষ ষোলোতে অলিভার নিউভিলের শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল জার্মানরা। তবে দুদলের সর্বশেষ সাক্ষাতে ২০১৩ সালের প্রীতি ম্যাচ ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্রয়ে শেষ হয়েছিল।

অন্যদিকে প্যারাগুয়ে গ্রুপ ‘ডি’ থেকে চার পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে অস্ট্রেলিয়ার নিচে থেকে তৃতীয় হয়েও সেরা তৃতীয় দল হিসেবে নকআউট নিশ্চিত করেছে। গ্রুপ পর্বে তুরস্ককে ১-০ গোলে হারানোর পাশাপাশি অস্ট্রেলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠাই প্যারাগুয়ের সেরা সাফল্য। এরপর টানা তিনটি বিশ্বকাপেই জায়গা করতে না পারলেও এবার প্রত্যাবর্তনেই নকআউটে উঠে আত্মবিশ্বাসী গুস্তাভো আলফারোর দল। দলগত শক্তিতে জার্মানি এগিয়ে থাকলেও নকআউটের চাপের ম্যাচে প্যারাগুয়েকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

জার্মান শিবিরে বড় দুঃসংবাদ সেন্টার-ব্যাক নিকো শ্লটারবেকের ছিটকে যাওয়া। আইভরি কোস্টের বিপক্ষে গোড়ালির গুরুতর চোটে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে তার। ফলে আবারও জোনাথন তাহর সঙ্গে রক্ষণে খেলবেন আন্তোনিও রুডিগার। পেশির সমস্যায় ইকুয়েডরের বিপক্ষে না খেলা নাথানিয়েল ব্রাউন এই ম্যাচে ফিরতে পারেন। আক্রমণে কাই হাভার্টজ, ফ্লোরিয়ান ভিরৎস ও জামাল মুসিয়ালার ত্রয়ীই ভরসা নাগেলসমানের।

প্যারাগুয়ে অবশ্য মিডফিল্ডার ডিয়েগো গোমেজকে পাচ্ছে না। দ্বিতীয় হলুদ কার্ড দেখে নিষিদ্ধ তিনি। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে একাদশে ফিরবেন মিগেল আলমিরন। চোট কাটিয়ে ওমর আলদেরেতে ও রামোন সোসা খেলতে পারবেন কি না, তা ম্যাচের আগে জানা যাবে। আক্রমণে আবারও দায়িত্বে থাকবেন অভিজ্ঞ গ্যাব্রিয়েল আভালোস।

নকআউটের মঞ্চে অতীতের ইতিহাস, বর্তমানের ফর্ম আর চাপ—সব মিলিয়ে জার্মানি-প্যারাগুয়ে লড়াই হতে পারে শেষ বত্রিশের অন্যতম আকর্ষণীয় ম্যাচ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...