গ্রুপসেরা হওয়ার লক্ষ্য আনচেলত্তির

স্পোর্টস ডেস্ক

গ্রুপসেরা হওয়ার লক্ষ্য আনচেলত্তির

মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। তবে হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বদলে গেছে দৃশ্যপট। দলের পারফরম্যান্সে উন্নতির স্পষ্ট ছাপ দেখছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে পুরোপুরি সন্তুষ্ট নন ব্রাজিল কোচ। তার লক্ষ্য আগামী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জিতে গ্রুপসেরা হয়েই শেষ ৩২-এ পা রাখা।

ফিলাডেলফিয়ায় মাতেউস কুনিয়ার জোড়া গোল ও ভিনিসিয়াস জুনিয়রের এক গোলে সহজ জয় পায় সেলেসাওরা। তিনটি গোলই আসে প্রথমার্ধে। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘প্রথমার্ধে আমরা আরো ভালো খেলেছি। খেলার মান ভালো ছিল, আক্রমণাত্মক খেলেছি। আমরা উন্নতি করেছি। তবে পরের ম্যাচে আরো উন্নতি করতে হবে।’

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে কয়েকটি সুযোগ নষ্ট হলেও সামগ্রিকভাবে আক্রমণভাগের খেলায় সন্তুষ্ট ইতালিয়ান কোচ, ‘আমার মনে হয় আমরা ভালো সমন্বয় দেখিয়েছি। খেলোয়াড়রা কাজটা ঠিকভাবে করেছে। সব সময় আমাদের পাঁচজন আক্রমণে ছিল। আমার মনে হয় আমরা ভালো খেলেছি। প্রতিপক্ষের রক্ষণে সমস্যা তৈরি করার জন্য মাথেউসের (কুনহা) অবস্থান খুব ভালো ছিল। সে পাস দিয়ে রক্ষণভাগ ভেঙেছে এবং নিজেও আক্রমণে ঢুকেছে। আক্রমণে কার্যকারিতা বাড়ানোর জন্য তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।’

চার পয়েন্ট নিয়ে বর্তমানে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। তবে শেষ ম্যাচের প্রতিপক্ষ স্কটল্যান্ডকে মোটেও হালকাভাবে দেখছেন না আনচেলত্তি। তিনি বলেন, ‘স্কটল্যান্ডকে ছিটকে দেওয়ার কথা চিন্তা করছি না। ভালো খেলার এবং আরো উন্নতি করার কথা ভাবছি। গ্রুপের শীর্ষে থাকতে পারলে ভবিষ্যতের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ হবে। স্কটল্যান্ডের নিজস্ব বৈশিষ্ট্য আছে। তারা সমস্যা তৈরি করতে পারে। আজকে মরক্কোকেও ভুগিয়েছে তারা। তাই আমাদের আগামী ম্যাচে মনোযোগ দিতে হবে এবং শান্ত থেকে নিজেদের উন্নতির জন্য কাজ করে যেতে হবে।’

কথা প্রসঙ্গে আর্জেন্টিনাকে নিয়ে কথা বলতে গিয়ে আনচেলত্তি বলেন, ‘আর্জেন্টিনা খুব বেশি হাই-ইনটেনসিটির ফুটবল খেলে না। তারা ম্যাচ খুব ভালো নিয়ন্ত্রণ করতে পারে, তবে প্রথম পর্বে এমন কিছু দল আলাদাভাবে নজর কেড়েছে যারা মাঠে জানপ্রাণ দিয়ে লড়ছে, আক্রমণাত্মক ডিফেন্ডিং করছে এবং দুর্দান্ত ইনটেনসিটি নিয়ে খেলছে।’

এমন দারুণ ছন্দে থাকার পরও আর্জেন্টিনাকে শিরোপা জেতার দাবিদার হিসেবে মানতে নারাজ আনচেলত্তি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা খুব ভালোভাবে খেলা নিয়ন্ত্রণ করে, কিন্তু এই টুর্নামেন্টের প্রথম ভাগে এমন কিছু দল সামনে এসেছে, যারা খুব আক্রমণাত্মক ফুটবল খেলে এবং তাদের রক্ষণভাগও দারুণ।’

তবে আনচেলত্তি মনে করেন, এবারের বিশ্বকাপে দারুণ কিছু করতে চাইলে কোনো নির্দিষ্ট তারকার ওপর ভরসা নয়, বরং দলগত পারফরম্যান্স দেখাতে হবে। তিনি বলেন, ‘আমি মনে করি, এই বিশ্বকাপে তারকারা নির্ধারক হবে না। এটাই আমার মতামত।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...