‘ধৈর্য হারাইনি, এ বিশ্বকাপে এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

স্পোর্টস ডেস্ক

‘ধৈর্য হারাইনি, এ বিশ্বকাপে এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ২-১ গোলে নাটকীয় জয়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে শেষ মুহূর্তের জয়েও আবেগে ভেসে যাননি ইতালিয়ান এই কোচ। বরং তার মতে, কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে পরিকল্পনা বাস্তবায়ন করাতেই এসেছে কাঙ্ক্ষিত সাফল্য।

হিউস্টনে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, প্রথমার্ধেও তার দল খারাপ খেলেনি। তবে জাপানের ঘন রক্ষণ ভাঙতে বিরতির পর কৌশলে পরিবর্তন আনতে হয়েছিল। তার ভাষ্য, ‘আমরা ধৈর্য হারাইনি। প্রথমার্ধেও আমরা ভালো খেলছিলাম। দ্বিতীয়ার্ধে বক্সে আরো বেশি ক্রস তুলেছি এবং আরো কার্যকরভাবে আক্রমণ করেছি।’

বিজ্ঞাপন

ব্রাজিল কোচের মতে, খেলোয়াড়দের মানসিক দৃঢ়তাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে, ‘ফুটবলে ভুল হবেই। কেউই নিখুঁত নয়। গুরুত্বপূর্ণ হলো ভুল থেকে বেরিয়ে এসে সামনে এগিয়ে যাওয়া। দ্বিতীয়ার্ধে দল সেটাই করেছে। আমি কখনো বিশ্বাস করিনি যে, এই দল গোল করতে পারবে না।’

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও তিনি আতঙ্কিত ছিলেন না বলে জানান, ‘কষ্ট পাওয়া স্বাভাবিক। আধুনিক ফুটবলে এটাই বাস্তবতা। সমর্থকরা হয়তো আমার চেয়ে বেশি কষ্ট পেয়েছেন; কিন্তু আমি আত্মবিশ্বাসী ছিলাম। আমরা গোল করবÑএ বিশ্বাস কখনো হারাইনি। কষ্ট যেমন স্বাভাবিক, তেমনি জয় পাওয়ার স্বস্তিও স্বাভাবিক।’

আনচেলত্তি জাপানেরও ভূয়সী প্রশংসা করেন। তার মতে, এশিয়ার দলটি ছিল অত্যন্ত সংগঠিত, শারীরিকভাবে শক্তিশালী এবং রক্ষণে শৃঙ্খলাবদ্ধ, ‘জাপানকে হারানো সহজ ছিল না। তারা খুব ভালোভাবে রক্ষণ সামলেছে এবং আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে।’

নিজের খেলোয়াড়দেরও প্রশংসায় ভাসান ব্রাজিল কোচ, ‘আমাদের দলে অনেক বিকল্প আছে; মাঠে যেমন, বেঞ্চেও তেমন। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, সবাই ব্যক্তিগতভাবে ভালো অবস্থায় আছে এবং দল হিসেবেও একসঙ্গে কাজ করছে।’ তিনি আরো বলেন, এ জয় চলতি বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে পরিপূর্ণ পারফরম্যান্স। এমন জয়ে বেশ খুশি ইতালিয়ান কোচ, ‘মনে হয় এ বিশ্বকাপে এটাই ছিল আমাদের সবচেয়ে সম্পূর্ণ ম্যাচ।’

ম্যাচে নেইমারকে নামানো হয়নি কেন—এ প্রশ্নের জবাবে আনচেলত্তি জানান, অতিরিক্ত সময়ের জন্যই তাকে তুলে রেখেছিলেন। ব্রাজিল বসের ভাষ্য, ‘আমি নেইমারকে অতিরিক্ত সময়ের জন্য রেখে দিয়েছিলাম। ওর সঙ্গে এ নিয়ে কথাও হয়েছিল। যদি আমরা সমতায় ফিরতে না পারতাম, তাহলে ৬০ বা ৬৫ মিনিটেই তাকে নামাতাম। কিন্তু সমতা ফেরানোর পর আমি দলের খেলা বদলাতে চাইনি; কারণ তখন ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল।’

জাপানকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ মুহূর্তের এ জয় সামনে রেখে আনচেলত্তি বিশ্বাস করেন, দল সঠিক পথেই এগোচ্ছে এবং শিরোপার লড়াইয়ে আরো শক্তিশালী হয়ে উঠবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন