কাতারের বিদায়ঘণ্টা বাজিয়ে অপেক্ষায় বসনিয়া

স্পোর্টস ডেস্ক

কাতারের বিদায়ঘণ্টা বাজিয়ে অপেক্ষায় বসনিয়া

এক যুগ পর বিশ্বকাপ মঞ্চে ফেরা বসনিয়া ও হার্জেগোভিনা এখনো টিকে আছে নকআউটের দৌড়ে। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে কাতারকে ৩-১ গোলে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিয়েছে সের্হেই বারবারেজের দল। তবে জয় পেলেও শেষ ৩২ নিশ্চিত হয়নি তাদের। এখন অপেক্ষা সেরা তৃতীয় দলগুলোর হিসাব-নিকাশের।

সিয়াটল স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বসনিয়ার হাতে। আক্রমণের ধারাবাহিকতায় ২৯ মিনিটে প্রথম গোল পায় ইউরোপের দলটি। মাঝমাঠে বল পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত ডান পায়ের শটে কাতারের জালে বল জড়ান কেরিম আলাজবেগোভিচ। টুর্নামেন্টের অন্যতম দৃষ্টিনন্দন গোল হিসেবে ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছে তার এই গোল।

বিজ্ঞাপন

প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই আরেকবার বিপদে পড়ে কাতার। ৩৪ মিনিটে এডিন জেকোর শট ডিফেন্ডার সুলতান আল বারাকের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে গেলে ব্যবধান দাঁড়ায় ২-০। তবে হাল ছাড়েনি মধ্যপ্রাচ্যের প্রতিনিধিরা। ৪২ মিনিটে এডমিলসন জুনিয়রের ক্রস থেকে হাসান আল হাইদোস গোল করে ব্যবধান কমান। বিরতির আগে সমতায় ফেরার সুযোগও পেয়েছিল কাতার; কিন্তু পেদ্রো মিগুয়েলের শট পোস্টে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে বসনিয়া কিছুটা রক্ষণাত্মক কৌশল নেয়। কাতার আক্রমণের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাদের স্বপ্ন ভেঙে দেন আর্মিন মাহমিচ। ৮১ মিনিটে দারুণ এক গোলে ব্যবধান ৩-১ করে ম্যাচের ভাগ্য চূড়ান্ত করে দেন তিনি।

এ জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বসনিয়া। একই পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে রানার্সআপ হয়ে সরাসরি নকআউটে উঠেছে সহ-আয়োজক কানাডা। সাত পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে সুইজারল্যান্ড। অন্যদিকে মাত্র এক পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ হলো কাতারের। ২০২২ বিশ্বকাপে নিজেদের মাটিতে তিন ম্যাচেই হারের পর এবারও জয়ের মুখ দেখা হলো না তাদের।

এখন বসনিয়ার ভাগ্য নির্ভর করছে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর। চার পয়েন্ট নিয়ে তারা সেরা তৃতীয় দলগুলোর তালিকায় ভালো অবস্থানে থাকলেও নকআউটের টিকিট নিশ্চিত করতে অপেক্ষা করতে হবে শেষ গ্রুপ ম্যাচগুলোর ফলাফলের জন্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...