‘মেসিকে কী শেখাব, ৫৫ মিনিটেই সে ম্যাচ পড়ে ফেলেছে’

স্পোর্টস ডেস্ক

‘মেসিকে কী শেখাব, ৫৫ মিনিটেই সে ম্যাচ পড়ে ফেলেছে’

লিওনেল মেসিকে মাঠে নামানোর আগে কি আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়? এমন প্রশ্ন শুনে বিস্ময় আর হাসি, দুটোই একসঙ্গে ফুটে উঠল আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির মুখে।

জর্ডানের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার আগে মেসিকে কী বলেছিলেন? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে স্কালোনি রসিকতার সুরেই বলেন, ‘আমি শুধু বলেছি, নিকো পাজ বের হবে, তুমি নামবে। আর কী বলব? সত্যিই আমাকে এটা জিজ্ঞেস করছেন?’

এরপর আরেক সাংবাদিক জানতে চান, মেসিই কি একমাত্র ফুটবলার যাকে কিছু শেখানোর প্রয়োজন পড়ে না? উত্তরে স্কালোনির ভাষায় ফুটে ওঠে অধিনায়কের প্রতি গভীর শ্রদ্ধা।

আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমি ওকে কী বলব? এদিকে নড়ো, ওদিকে যাও? এসব বলার কোনো মানে হয় না। ও তো ৫৫ মিনিট ধরে বাইরে বসে পুরো ম্যাচ দেখছিল। ম্যাচের অবস্থা, ছন্দ, প্রতিপক্ষের পরিকল্পনা—সবই ওর জানা ছিল।’

স্কালোনি অবশ্য পরিষ্কার করে দেন, এর অর্থ এই নয় যে মেসির সঙ্গে কোনো আলোচনা হয় না। ম্যাচের প্রয়োজন অনুযায়ী কৌশলগত পরিবর্তন, দলের বিন্যাস কিংবা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে অধিনায়কের সঙ্গে নিয়মিত কথা বলেন কোচিং স্টাফরা। তবে ফুটবলের মৌলিক বিষয় শেখানোর প্রশ্নই আসে না।

জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে নেমেই নিজের প্রভাব দেখান মেসি। দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে আর্জেন্টিনার ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি। একই সঙ্গে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য কীর্তিও গড়েন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচ শেষে স্কালোনি আরও একবার প্রশংসায় ভাসান মেসিকে। তার ভাষায়, ‘সে চাইলে পুরো ৯০ মিনিট খেলতে পারত, নিজের অর্জনকে আরও বড় করতে পারত। কিন্তু দলের প্রয়োজনকে সে সব সময় নিজের ব্যক্তিগত অর্জনের ওপরে রাখে। এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন