মেক্সিকোতে জয়ের আনন্দে নেমে এলো শোকের ছায়া

স্পোর্টস ডেস্ক

মেক্সিকোতে জয়ের আনন্দে নেমে এলো শোকের ছায়া

৪০ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে মেক্সিকো। ঘরের মাঠে একুয়েডরকে হারানোর পর দেশজুড়ে নেমে আসে উৎসবের ঢেউ। কিন্তু সেই উল্লাসই মুহূর্তেই রূপ নেয় শোকে। রাজধানী মেক্সিকো সিটির রাস্তায় বিজয় উদযাপনের সময় অতিরিক্ত ভিড়ে দম বন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন দুই ফুটবল সমর্থক।

মেক্সিকোর রাজধানীর স্বাস্থ্য সচিবালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় বুধবার সকালে মেক্সিকো সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে একুয়েডরকে ২-০ গোলে হারায় স্বাগতিকদের অন্যতম দেশ মেক্সিকো। এই জয়ে দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে এল ত্রি।

ঐতিহাসিক এই সাফল্য উদযাপন করতে হাজার হাজার সমর্থক জড়ো হন রাজধানীর ঐতিহাসিক ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স’ স্মৃতিস্তম্ভের আশপাশে। হামবুর্গো ও ল্যাঙ্কাস্টার স্ট্রিটজুড়ে ছিল মানুষের ঢল। সেই উপচে পড়া ভিড়েই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মেক্সিকোর স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, জরুরি চিকিৎসক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত দুজনকে বাঁচানো সম্ভব হয়নি।

স্বাস্থ্য সচিবালয়ের ভাষ্য, ‘জরুরি ভিত্তিতে উন্নত কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়ার চেষ্টা করা সত্ত্বেও ৪৪ বছর বয়সী এক পুরুষ এবং ১৯ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। দম বন্ধ হয়ে যাওয়াই তাদের মৃত্যুর কারণ বলে নিশ্চিত হওয়া গেছে।’

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মেক্সিকোর ফুটবল অঙ্গনে। যে রাতে পুরো দেশ উৎসবের আলোয় ভাসার কথা ছিল, সেই রাতই দুই সমর্থকের পরিবারের জন্য হয়ে উঠেছে আজীবনের বেদনার স্মৃতি।

তবে মাঠের লড়াই থেমে নেই। একুয়েডরকে হারিয়ে আত্মবিশ্বাসী মেক্সিকো এখন কোয়ার্টার-ফাইনালের স্বপ্ন দেখছে। শেষ ষোলোর ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচের বিজয়ী দল। সেই ম্যাচও অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটি স্টেডিয়ামেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন