তিন লাল কার্ডের ম্যাচ দিয়ে শুরু বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

তিন লাল কার্ডের ম্যাচ দিয়ে শুরু বিশ্বকাপ
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উত্তেজনা, বিতর্ক এবং তিনটি লাল কার্ডে ভরা এক নাটকীয় ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আস্তেকায় অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২-০ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। গ্যালারিভর্তি সমর্থকদের সামনে প্রথম থেকেই দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগে চাপ সৃষ্টি করে স্বাগতিকরা। তৃতীয় মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন রাউল হিমেনেজ, তবে তার শক্তিশালী শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মেক্সিকোকে। নবম মিনিটে দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্পেহফেলো সিথোলের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন হুলিয়ান কিনিয়োনেস। বক্সের সামনে বল হারানোর পর দ্রুত আক্রমণে উঠে গিয়ে জোরালো শটে দলকে এগিয়ে দেন তিনি। সেই গোলেই উচ্ছ্বাসে ফেটে পড়ে আস্তেকা স্টেডিয়াম।

প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল মেক্সিকো। কিনিয়োনেস, ব্রায়ান গুতিয়েরেস এবং রাউল হিমেনেজ একাধিকবার দক্ষিণ আফ্রিকার রক্ষণে হানা দিলেও গোলরক্ষক উইলিয়ামস কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে বড় ব্যবধানে পিছিয়ে পড়া থেকে বাঁচান। তবু ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র আরও নাটকীয় হয়ে ওঠে। ৫০তম মিনিটে গোলের নিশ্চিত সুযোগ নষ্ট করার দায়ে সরাসরি লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার স্পেহফেলো সিথোলে। দশজনের দলে পরিণত হওয়ার পর আফ্রিকান প্রতিনিধিদের ওপর চাপ আরও বেড়ে যায়।

সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে ৬৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মেক্সিকো। রবার্তো আলভারাদোর দারুণ ক্রসে হেড করে জালে বল পাঠান রাউল হিমেনেজ। ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের এটি ছিল বিশ্বকাপ মঞ্চে প্রথম গোল। গোলের পর আবেগঘন উদযাপনে মেতে ওঠেন তিনি।

ম্যাচের শেষ দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ৮৪তম মিনিটে থেম্বা জোয়ানে লাল কার্ড দেখলে নয়জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। এরপর যোগ করা সময়ে মেক্সিকোর সিজার মন্তেসও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই রেফারিকে তিনবার লাল কার্ড বের করতে দেখা যায়।

বিশ্বকাপ ইতিহাসে উদ্বোধনী ম্যাচগুলো সাধারণত স্মরণীয় হয়ে থাকে গোল কিংবা নাটকীয় ফলাফলের জন্য। তবে ২০২৬ আসরের প্রথম ম্যাচ আলোচনায় এসেছে লাল কার্ডের বন্যার কারণে। কাতার বিশ্বকাপের পুরো টুর্নামেন্টে যেখানে মাত্র চারটি লাল কার্ড দেখা গিয়েছিল, সেখানে নতুন আসরের প্রথম ম্যাচেই দেখা গেল তিনটি লাল কার্ড। এর মধ্যে কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ম্যাচ-পরবর্তী সময়ে বিতর্কও শুরু হয়েছে।

তবে সব বিতর্কের ঊর্ধ্বে মেক্সিকোর জন্য সবচেয়ে বড় প্রাপ্তি জয়। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করল স্বাগতিকরা। অন্যদিকে হতাশাজনক পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে এখন ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে হবে পরবর্তী ম্যাচে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন