সেনা অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হওয়ায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির চারজন তাকে দোষীসাব্যস্ত করেন এবং এ দণ্ড দেন। তবে তার খালাসের পক্ষে মত দেন এক বিচারপতি । খবর বিবিসির।
২০২২ সালে নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রসহ পাঁচটি অভিযোগে বলসোনারোকে দোষীসাব্যস্ত করা হয়।
এরফলে ৭০ বছর বয়সী বলসোনারোকে বাকি জীবন কারাগারে কাটাতে হবে বলে মনে করা হচ্ছে।
বলসোনারোর আইনজীবীরা এই সাজাকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন। রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা।
সেইসঙ্গে সুপ্রিম কোর্টের প্যানেল তাকে ২০৩৩ সাল পর্যন্ত সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন না বলসোনারো। তিনি বর্তমানে গৃহবন্দী।
আপিলে তাকে কারাগারে পাঠানোর পরিবর্তে গৃহবন্দী করা এবং কম সাজার জন্য আবেদন করবেন তার আইনজীবীরা।
তিনি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। বলসোনারোর পাশাপাশি সাবেক মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধানেরাসহ আরো সাতজন এ মামলায় দোষীসাব্যস্ত হয়েছেন। তবে সেনবাহিনীর সাবেক এই ক্যাপ্টেন দাবি করেছেন, তিনি রাজনৈতিক দমনপীড়নের শিকার।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ঘনিষ্ঠ ডানপন্থি সাবেক এই প্রেসিডেন্টের সাজার ফলে ব্রাজিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের আরো টানাপোড়েন তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বলসোনারোর দোষীসাব্যস্ত হওয়ার ঘটনায় তিনি বিস্মিত এবং খুবই অসন্তুষ্ট।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

