আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজার রাফাহ সীমান্ত আংশিকভাবে খুলছে ইসরাইল

আমার দেশ অনলাইন

গাজার রাফাহ সীমান্ত আংশিকভাবে খুলছে ইসরাইল

দীর্ঘদিন বন্ধ থাকার পর যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা ও মিশরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফাহ সীমান্ত ক্রসিং আংশিকভাবে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার থেকে সীমিত পরিসরে মানুষের যাতায়াতের জন্য এই ক্রসিং খুলে দেওয়া হবে। মানবিক সংস্থাগুলোর দীর্ঘদিনের চাপের পর এ সিদ্ধান্ত এলো।

বিজ্ঞাপন

তবে সীমান্ত পুনরায় চালুর ঘোষণার মধ্যেও গাজায় সহিংসতা থামেনি। শনিবার ইসরাইলি হামলায় অন্তত কয়েক ডজন মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনীর দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এসব হামলা চালানো হয়েছে।

রাফাহ ক্রসিং গাজার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশ ও প্রস্থানপথ, যা নাগরিকদের যাতায়াত ও মানবিক সহায়তা প্রবেশের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। তবে হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ২০২৪ সালের মে মাসে ইসরাইলি বাহিনী এটি দখলে নেওয়ার পর সীমান্তটি বন্ধ ছিল। ২০২৫ সালের শুরুতে স্বল্প সময়ের জন্য সীমিতভাবে এটি খোলা হলেও পরে আবার বন্ধ হয়ে যায়।

এর আগে ইসরাইল জানিয়েছিল, গাজায় আটক থাকা শেষ ইসরাইলি জিম্মি রান গিভিলির লাশ ফেরত না পাওয়া পর্যন্ত রাফাহ ক্রসিং খুলবে না। কয়েক দিন আগে তার লাশ উদ্ধার করা হয় এবং বুধবার ইসরাইলে দাফন সম্পন্ন হয়।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বেসামরিক বিষয়ক সংস্থা সিওগ্যাট শুক্রবার এক বিবৃতিতে জানায়, আগামী রোববার (১ ফেব্রুয়ারি) রাফাহ ক্রসিং উভয় দিক থেকে সীমিত আকারে শুধু মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ইসরাইলের নিরাপত্তা যাচাইয়ের পর ইউরোপীয় ইউনিয়নের মিশনের তত্ত্বাবধানে মিশরের সঙ্গে সমন্বয় করে এই যাতায়াত অনুমোদন দেওয়া হবে।

তবে কতজন সীমান্ত পার হতে পারবে বা গাজায় ফিরতে ইচ্ছুকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না—এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য জানানো হয়নি। সীমান্ত এলাকার এক সূত্র এএফপিকে জানিয়েছে, রোববার মূলত প্রস্তুতি ও লজিস্টিক ব্যবস্থাপনার কাজ চলবে এবং পরীক্ষামূলকভাবে প্রথমে আহত ব্যক্তিদের পারাপারের অনুমতি দেওয়া হতে পারে। নিয়মিতভাবে সীমান্ত খোলার কথা রয়েছে সোমবার থেকে।

মিশর জানিয়েছে, ইসরাইল যাদের বেরিয়ে যাওয়ার অনুমতি দেবে, তাদের সবাইকে তারা গ্রহণ করবে। তবে মোট কতজন ফিলিস্তিনির যাতায়াতের অনুমতি মিলবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন