আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গ্রিনল্যান্ডে ভাসমান হাসপাতাল পাঠাচ্ছেন ট্রাম্প, কূটনৈতিক মহলে বিস্ময়

আমার দেশ অনলাইন

গ্রিনল্যান্ডে ভাসমান হাসপাতাল পাঠাচ্ছেন ট্রাম্প, কূটনৈতিক মহলে বিস্ময়

গ্রিনল্যান্ডকে ঘিরে আবারও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে একটি ভাসমান হাসপাতাল জাহাজ পাঠানো হবে।

বিজ্ঞাপন

শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রির সহায়তায় একটি বড় হাসপাতাল জাহাজ সেখানে পাঠানো হবে। তিনি বার্তার সঙ্গে মার্কিন নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ইউএসএস মার্সির একটি ছবি যুক্ত করেন।

ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ডে অনেক অসুস্থ মানুষ যথাযথ চিকিৎসা পাচ্ছে না, তাদের সেবা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে এ ঘোষণায় কূটনৈতিক মহলে বিস্ময় ও বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ গ্রিনল্যান্ড ও ডেনমার্কে উন্নত ও জাতীয়করণকৃত স্বাস্থ্যসেবার ব্যবস্থা রয়েছে, যা নাগরিকদের জন্য বিনা মূল্যে প্রদান করা হয়।

ঘোষণার পর ড্যানিশ সরকার বা গ্রিনল্যান্ডের পার্লামেন্টের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত ডিসেম্বরে ট্রাম্প জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ডবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। ল্যান্ড্রি এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দখল বা কেনার বিষয়ে ট্রাম্পের আগ্রহ দীর্ঘদিনের। গত জানুয়ারিতে তিনি ন্যাটো-প্রধানের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে সম্ভাব্য ভবিষ্যৎ চুক্তির রূপরেখা তুলে ধরেন, যা ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। অনেকের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আগ্রহ গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের ওপর প্রভাব ফেলতে পারে।

মার্কিন নৌবাহিনীর কাছে বর্তমানে ইউএসএস মার্সি এবং ইউএসএস কমফোর্ট নামে দুটি ভ্রাম্যমাণ হাসপাতাল জাহাজ রয়েছে। এগুলো সাধারণত মানবিক বিপর্যয় বা যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যবহৃত হয়। গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের পিটুফিক স্পেস বেস নামে একটি সামরিক ঘাঁটিও রয়েছে।

ট্রাম্পের এই পদক্ষেপ মানবিক সহায়তার অংশ, নাকি কৌশলগত প্রভাব বিস্তারের কৌশল, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন