আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরাইল : জাতিসংঘে ফিলিস্তিনি প্রেসিডেন্ট

আতিকুর রহমান নগরী

গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরাইল : জাতিসংঘে ফিলিস্তিনি প্রেসিডেন্ট
ছবি: আল জাজিরা

জাতিসংঘ সাধারণ পরিষদে ভার্চুয়ালি ভাষণ দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যুক্তরাষ্ট্র তাকে ভিসা না দেয়ায় ভিডিওলিংকের মাধ্যমে ভাষণ দেন তিনি। এসময় গাজায় ইসরাইলের গণহত্যা, ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার এবং অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের নিন্দা জানান মাহমুদ আব্বাস। খবর টিআরটি ওয়ার্ল্ডের

তিনি বলেন, প্রায় দুই বছর ধরে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের গণহত্যা, ধ্বংস, অনাহার এবং বাস্তুচ্যুত করছে ইসরাইল।

বিজ্ঞাপন

ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, ‘ইসরাইল যা করছে তা কেবল আগ্রাসন নয়, এটি একটি যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। এটি ইতিহাসের বই এবং আন্তর্জাতিক বিবেকের পাতায় ২০ এবং ২১ শতকের একটি ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে লিপিবদ্ধ থাকবে।’

আব্বাস বলেন, অধিকৃত পশ্চিম তীরে চরমপন্থী ইসরাইলি সরকার অবৈধ বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে এবং নতুন বসতি স্থাপনের নীতিমালা তৈরি করছে।

তিনি বলেন, ইসরাইলের ঘোষিত ই-১ প্রকল্প পশ্চিম তীরকে দুই ভাগে বিভক্ত করবে, যা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে ক্ষতিগ্রস্ত করবে।

আব্বাস কথিত ‘বৃহত্তর ইসরাইল’ ধারনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের ধন্যবাদ জানান মাহমুদ আব্বাস। তিনি তেলআবিব এবং তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে ফিলিস্তিনের স্বীকৃতি এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে বাধা না দেয়ার আহ্বান জানান।

আব্বাস জোর দিয়ে বলেন, ভবিষ্যতের শাসন প্রক্রিয়ায় হামাসের কোনেআ ভূমিকা থাকবে না। তিনি বলেন হামাসকে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে।

ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমিতে বসবাস করবে এবং এখান থেকে কোথাও যাবে না, একথা বলে তার বক্তব্য শেষ করেন মাহমুদ আব্বাস।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন