সদস্য দেশগুলো বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের আনুষ্ঠানিক গাজা পুনর্গঠন তহবিলে কোনো নগদ অর্থ জমা পড়েনি। বুধবার এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।
গাজা পুনর্গঠনের জন্য ট্রাম্প এই বোর্ডটি গঠন করেন। ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী দুই বছরের বিধ্বংসী যুদ্ধ বন্ধের লক্ষ্যে অক্টোবরে ইসরাইল ও হামাস যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।
পিস বোর্ডে যোগ দিতে বিভিন্ন দেশে আমন্ত্রণ পাঠিয়ে বিতর্কের জন্ম দেন ট্রাম্প। বোর্ডটি গঠিত হওয়ার পর থেকে এর তহবিল দাতাদের কাছ থেকে কোনো অর্থ পায়নি।
সূত্রটি জানায়, তহবিলটি পুনর্গঠন ও উন্নয়ন পর্বের জন্য তৈরি করা হয়েছিল, যা এখনো শুরু হয়নি। আর তাই অর্থও জমা করা হয়নি।
যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতির পর থেকে অন্তত ৯১০ জন নিহত হয়েছেন।
ইসরাইল এখনো বিধ্বস্ত গাজা উপত্যকার ৬০ শতাংশেরও বেশি এলাকা দখল করে রেখেছে এবং নিয়ন্ত্রণ করছে।
বুধবার ফাইনান্সিয়াল টাইমস বোর্ডের মুখপাত্রকে উদ্ধৃত করে জানায়, বোর্ডটি সরাসরি জেপিমরগ্যানের একটি অ্যাকাউন্টে অনুদান পেয়েছে।
প্রধান ইউরোপীয় দেশগুলো এই বোর্ডকে বর্জন করেছে। ফ্রান্স ও ব্রিটেন এতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।
ট্রাম্প এর আগে বলেছিলেন যে যুক্তরাষ্ট্র বোর্ডকে ১০ বিলিয়ন ডলার দেবে, অন্যদিকে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত প্রত্যেকে অন্তত এক বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এর গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ডের সদস্যদের একটি স্থায়ী পদের জন্য এক বিলিয়ন ডলার দিতে হয়।
সূত্র: ফ্রান্স২৪
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



বিশ্বের বিভিন্ন দেশে যেসব পশু কোরবানি দেওয়া হয়
বিশ্ববাজারে আবারো বেড়েছে তেলের দাম