মার্কিন নৌ অবরোধে ইরানের ক্ষতি ৪.৮ বিলিয়ন ডলার: পেন্টাগন

আমার দেশ অনলাইন

মার্কিন নৌ অবরোধে ইরানের ক্ষতি ৪.৮ বিলিয়ন ডলার: পেন্টাগন
ছবি: সংগৃহীত

মার্কিন নৌ অবরোধের কারণে প্রায় ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন, যা তেহরানের ওপর আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুদ্ধ দপ্তরের পর্যালোচনা অনুযায়ী, নৌ অবরোধে ইরান প্রায় পাঁচ বিলিয়ন ডলারের তেল রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

বিজ্ঞাপন

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, তেহরানের ওপর ধারাবাহিক অর্থনৈতিক চাপ বজায় রাখার উদ্দেশ্যেই এই নৌ অবরোধ দেওয়া হয়েছে।

এর আগে পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রেস সচিব জোয়েল ভালদেজ এক বিবৃতিতে বলেন, ‘হরমুজ প্রণালিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর রয়েছে এবং আমরা যে চূড়ান্ত প্রভাব ফেলতে চেয়েছিলাম, তা সফল হচ্ছে। এই অঞ্চলে আমাদের সশস্ত্র বাহিনী অবিরাম চাপ অব্যাহত রাখবে।’

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শুক্রবার জানায়, ১৩ এপ্রিল অবরোধ কার্যকর হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ৪৫টি বাণিজ্যিক জাহাজকে ঘুরিয়ে দিতে বা বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে।

কূটনৈতিক আলোচনায় কোনো অগ্রগতি না হলেও উভয় দেশই নিজ নিজ অবরোধ জোরদার করেছে। ইরান হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরো জোরদার করছে এবং মার্কিন বাহিনী ওমান উপসাগরে জাহাজ চলাচল অবরোধ করে রেখেছে।

সূত্র: গালফ নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন