পাকিস্তানে ইরানের প্রতিনিধিদল, যাচ্ছেন মার্কিন কর্মকর্তারাও

আমার দেশ অনলাইন

পাকিস্তানে ইরানের প্রতিনিধিদল, যাচ্ছেন মার্কিন কর্মকর্তারাও

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির নেতৃত্বে দেশটির প্রতিনিধিদল পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি এ কথা জানান। তারা এমন সময় ইসলামাবাদে গেলেন, যখন হোয়াইট হাউস জানিয়েছে যে, তাদের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন। তবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না তারা ।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বার্তায় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আন্দ্রাবি জানান, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষাপ্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আরাগচিকে অভ্যর্থনা জানান।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘এই সফরকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।’

এই সফরকে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক মাধ্যমে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। তিনি বলেন, ইরানের পর্যবেক্ষণগুলো পাকিস্তানকে জানানো হবে।

এদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইরানের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করতে পাকিস্তান যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

লেভিট আরো বলেন, ‘ইরানিরা আলোচনা করতে চায়। আলোচনা সফল হলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান সফরের জন্য প্রস্তুত রয়েছেন।'

সূত্র: ডন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন