ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্য যুদ্ধে মধ্যস্থতা করার চেষ্টা করছেন

ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন—এই প্রশ্ন সামনে এসেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্বিতীয় মাসে গড়ানোর পর। যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা প্রায় স্থবির হয়ে পড়েছে এবং তেলের দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে মার্কিন সামরিক অভিযান আরও দুই থেকে তিন সপ্তাহ চলতে পারে। তবে যুদ্ধ কীভাবে শেষ হবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা নেই।

এই প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে চীন। দুই দেশ একটি পাঁচ দফা পরিকল্পনা প্রস্তাব করেছে, যার লক্ষ্য যুদ্ধবিরতি কার্যকর করা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা।

পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার পর চীন এই উদ্যোগে যুক্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় দেশ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন করে কাজ করছে এবং সংলাপ ও কূটনীতিকেই যুদ্ধ সমাধানের একমাত্র কার্যকর পথ হিসেবে দেখছে।

বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল আমদানিকারক দেশ হিসেবে চীনের জন্য এই সংঘাত অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক অর্থনীতির গতি কমে যেতে পারে, যা চীনের রপ্তানিনির্ভর অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে চীনের অর্থনৈতিক সম্পর্কও দিনে দিনে ঘনিষ্ঠ হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইরাকসহ বিভিন্ন দেশে অবকাঠামো ও জ্বালানি খাতে বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠানগুলো।

এর আগে ২০২৩ সালে সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে মধ্যস্থতা করেছিল চীন। তবে সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় তাদের ভূমিকা এখনো সীমিত।

বিশ্লেষকদের মতে, চীন সংঘাতে সরাসরি জড়াতে চায় না এবং তাদের অগ্রাধিকার অর্থনৈতিক স্থিতিশীলতা। একই সঙ্গে অঞ্চলে সামরিক প্রভাব বিস্তারের ক্ষেত্রেও চীনের সীমাবদ্ধতা রয়েছে।

বর্তমান শান্তি উদ্যোগে এখনো যুক্তরাষ্ট্র বা ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই উদ্যোগের মাধ্যমে চীন নিজেকে একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী ও বৈশ্বিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

সূত্র: বিবিসি বাংলা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...