ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে যা বললেন ভ্যান্স

আতিকুর রহমান নগরী

ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে যা বললেন ভ্যান্স
ছবি: এনবিসি নিউজ

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযান বন্ধে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করতে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। স্থানীয় সময় রোববার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাতকারে একথা জানান তিনি।

এনবিসিরি মিট দ্য প্রেস অনুষ্ঠানে এক প্রশ্নে জবাবে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, তেল বিক্রি করে রাশিয়া যাতে আরো বেশি অর্থ উপার্জন না করতে পারে, সেজন্য ভারতের ওপর আগ্রাসী অর্থনৈতিক অবরোধ আরোপ করা হয়েছে। কারণ ভারত রাশিয়ার তেলের অন্যতম প্রধান ক্রেতা।

বিজ্ঞাপন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বৈঠকের পর তৈরি হওয়া চ্যালেঞ্জ সত্ত্বেও, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদী ভ্যান্স।

ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে আমদানি করা ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনা অব্যাহত রাখার শাস্তি হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভারত বারবারই বলেছে, তার জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার সস্তা তেল কেনা দরকার।

যুক্তরাষ্ট্রের ওই পদক্ষেপকে ‘অন্যায্য, অযৌক্তিক ও অবিচারপূর্ণ’ আখ্যা দিয়ে ভারত বলেছে, যে কারণে তার বিরুদ্ধে বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে, একই কাজ অনেক দেশই করছে। এদের মধ্যে চীনও রয়েছে। ভারতের মতে, এ সিদ্ধান্ত ‘চরম দুর্ভাগ্যজনক’।

ট্রাম্পের বাড়তি শুল্ক ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘কৃষকের স্বার্থই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারতের কৃষক, পশুপালক ও মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে কোনো আপস করা হবে না। আমি জানি, এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে হতে পারে, কিন্তু আমি প্রস্তুত। দেশের কৃষক, মৎস্যজীবী ও পশুপালকদের স্বার্থে ভারত প্রস্তুত।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...