মার্কিন বিচার বিভাগের প্রকাশিত সর্বশেষ এপস্টেইন নথিতে উঠে এসেছে নতুন বিতর্ক। যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন ও ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের মধ্যে রেকর্ড করা এক কথোপকথন প্রকাশিত হয়েছে। এখানে দাবি করা হয়েছে, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ক্ষমতা ছাড়ার পর পরামর্শক হিসেবে বিপুল অঙ্কের অর্থ উপার্জন করেছেন।
গত সপ্তাহে প্রকাশিত ওই অডিওতে এপস্টেইন ও এহুদ বারাক আলোচনা করেন, কীভাবে সাবেক প্রভাবশালী রাজনীতিকরা নিজেদের রাজনৈতিক প্রভাব আর যোগাযোগ ব্যবহার করে বিপুল অর্থ উপার্জন করেন। কথোপকথনের একপর্যায়ে এহুদ বারাক দাবি করেন, টনি ব্লেয়ার কাজাখস্তান সরকারের কাছ থেকে বছরে প্রায় ১ কোটি ১০ লাখ ডলার পেতেন, শুধু পরামর্শ দেওয়া ও লবিং সহায়তার জন্য।
এর জবাবে এপস্টেইন বলেন, তিনি টনি ব্লেয়ার সম্পর্কে আরো ‘বৃহৎ অঙ্কের’ অর্থের কথা শুনেছেন। তার ভাষায়, কখনো ৫০ লাখ ডলার, কখনো ১ কোটি ডলার, আবার কখনো ৫০ লাখ ডলার করে দেওয়ার কথা শোনা গেছে। যদিও এপস্টেইনের ধারণা, ব্লেয়ারের প্রকৃত বার্ষিক আয় প্রায় ১ কোটি ডলারের কাছাকাছি। এহুদ বারাক আরো বলেন, এসব অর্থের কিছু অংশ মধ্যস্থতাকারীদের মাধ্যমেও দেওয়া হয়ে থাকতে পারে।
তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে টনি ব্লেয়ারের কার্যালয়। আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে ব্লেয়ারের এক মুখপাত্র বলেন, উল্লিখিত অঙ্কগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও অবাস্তব। তিনি দাবি করেন, এপস্টেইন ও বারাক টনি ব্লেয়ারের প্রকৃত আয়ের বিষয়ে কিছুই জানতেন না।
মুখপাত্র আরো জানান, কাজাখস্তানে যে অর্থ প্রদান করা হয়েছে, তা টনি ব্লেয়ার ব্যক্তিগতভাবে নেননি। বরং ওই অর্থ ব্লেয়ারের প্রতিষ্ঠানের কাছে দেওয়া হয়, যা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন সংস্কারমূলক প্রকল্পে কাজ করছিল। এটি কোনো ধরনের লবিং কার্যক্রম ছিল না বলে দাবি করা হয়।
প্রকাশিত তথ্যমতে, এই অডিও রেকর্ডিংটি ২০১৩ সালের শুরুর দিকের। এটি এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টের আওতায় প্রকাশিত হাজারো নথির একটি অংশ। উল্লেখ্য, জেফরি এপস্টেইন ২০১৯ সালে নিউ ইয়র্কের ম্যানহাটনে কারাগারে বন্দি অবস্থায় মারা যান। সে সময় তিনি যৌন পাচারের গুরুতর অভিযোগে বিচারাধীন ছিলেন।
সূত্র: ইয়েনি শাফাক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


পাকিস্তানের বিরুদ্ধে ‘প্রক্সি সন্ত্রাসবাদ’ চালাচ্ছে ভারত: শেহবাজ
গুরুতর মুহূর্তে বিশ্ব নিরাপত্তা, সতর্ক করলেন জাতিসংঘের মহাসচিব
সৌদি যুবরাজের সঙ্গে যৌন অপরাধী এপস্টেইনের যোগাযোগের ইঙ্গিত
অভিজাত মহলে ‘শিশু বলি’র অভিযোগ ফের আলোচনায়