আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজার হাসপাতালে ইসরাইলি হামলায় অসন্তুষ্ট ট্রাম্প

আতিকুর রহমান নগরী

গাজার হাসপাতালে ইসরাইলি হামলায় অসন্তুষ্ট ট্রাম্প
ছবি: জেরুজালেম পোস্ট

গাজার হাসপাতালে ইসরাইলি হামলায় খুশি নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। খবর জিও নিউজের

সোমবার গাজার নাসের হাসপাতালে ইসরাইলের বোমা হামলার বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এতে খুশি নই। আমি এটি দেখতে চাই না। একইসঙ্গে, আমাদের এই ভয়াবহ দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে।’

বিজ্ঞাপন

দক্ষিণ গাজার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন সাংবাদিক রয়েছেন বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন আল জাজিরার আলোকচিত্রী মোহাম্মদ সালামা, রয়টার্সের ফটোসাংবাদিক হুসাম আল-মাসরি, দ্য ইন্ডিপেন্ডেন্ট আরাবিক ও এপি-র হয়ে কাজ করা মরিয়ম আবু ধাক্কা, গাজার সরকারি মিডিয়া অফিসের মোয়াজ আবু তাহা এবং কুদস ফিড নেটওয়ার্কের সাংবাদিক আহমেদ আবু আজিজ। আহত অবস্থায় আহমেদ পরে মারা যান।

গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, নাসের হাসপাতালে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে অন্তত ২৭৩-এ পৌঁছেছে বলে আল জাজিরার হিসাবে জানানো হয়েছে।

সাংবাদিকদের ওপর এই হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনাকে সংবাদপত্রের স্বাধীনতার চরম লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...