আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলের বিরুদ্ধে অধিকৃত জেরুজালেমের সীমানা সম্প্রসারণের অভিযোগ

আমার দেশ অনলাইন

ইসরাইলের বিরুদ্ধে অধিকৃত জেরুজালেমের সীমানা সম্প্রসারণের অভিযোগ

১৯৬৭ সালের পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে ভূমি নিবন্ধনের প্রক্রিয়া পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। নেতানিয়াহু সরকারের এমন সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে ইসরাইলের বেশ কয়েকটি এনজিও। তাদের মতে, এই পরিকল্পনার ফলে ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো অধিকৃত জেরুজালেমের সীমানা সম্প্রসারণ হবে।

১৯৬৭ সাল থেকে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে এবং পরবর্তীতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশ কাটিয়ে একে সংযুক্ত করে। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যত রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে থাকে।

বিজ্ঞাপন

ইসরাইলি এনজিও ইর আমিমের গবেষক আভিভ তাতারস্কি বার্তা সংস্থা এএফপিকে বলেন, এই পদক্ষেপ জেরুজালেমের কার্যত সম্প্রসারণের শামিল। তিনি বলেন, ‘যদি এই বসতি নির্মিত হয় এবং সেখানে মানুষ বাস করে, তাহলে যারা সেখানে বাস করবেন, তারা সেখানে জেরুজালেমের বাসিন্দা হিসেবে বাস করবেন।’

তিনি আরো বলেন, ‘বাস্তবিক অর্থে, মূলত বসতি নয় বরং জেরুজালেম সম্প্রসারিত হবে।’

ফেব্রুয়ারির শুরুতে বসতি পরিকল্পনা প্রকাশ করে ইসরাইল। ইসরাইলি মানবাধিকার সংস্থাগুলোর মতে, এই আইনি প্রক্রিয়া মূলত ফিলিস্তিনিদের তাদের পৈতৃক ভূমি থেকে উচ্ছেদ এবং পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার একটি সুপরিকল্পিত কৌশল। ১৯৮৪ সাল থেকে স্থগিত থাকা এই নিবন্ধন প্রক্রিয়া পুনরায় চালুর মাধ্যমে ফিলিস্তিনিদের মালিকানা প্রমাণের সুযোগ সীমিত করে তাদের জমি দখল করা অনেক সহজ হয়ে যাবে।

ইসরাইলি আবাসন অধিকার সংস্থা ‘বিমকোম’-এর মতে, পশ্চিম তীরের প্রায় ৭০ শতাংশ ভূমির কোনো আনুষ্ঠানিক নিবন্ধন নেই। ব্রিটিশ শাসনামল বা জর্ডান শাসনের সময় মাত্র ৩০ শতাংশ ভূমির নিবন্ধন সম্পন্ন হয়েছিল।

বর্তমান ইসরাইলি সরকার এখন ফিলিস্তিনিদের কাছে এমন সব নথিপত্র দাবি করছে যা সংগ্রহ করা তাদের জন্য প্রায় অসম্ভব। অনেক ফিলিস্তিনি পরিবার যুদ্ধের সময় বাস্তুচ্যুত হওয়ায় বা যুগের পর যুগ ধরে বংশপরম্পরায় ভূমি ব্যবহার করায় তাদের কাছে কোনো দাপ্তরিক কাগজ নেই। ফলে প্রমাণের অভাবে এই বিশাল পরিমাণ ভূখণ্ড ডিফল্টভাবে ইসরাইলি রাষ্ট্রের মালিকানাধীন হয়ে যাবে।

সূত্র: আল আরাবিয়া

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন